[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন: ১৯ কেন্দ্রে গণসংহতির জোনায়েদ সাকি ১৬,৪০৭ এবং জামায়াতের মহসীন ৫,৯৫৮




২৩: ০৩, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সুনামগঞ্জ–১ আসন: বেসরকারি ফলাফলে বিজয়ী বিএনপির কামরুজ্জামান কামরুল

 সুনামগঞ্জ–১ (ধর্মপাশা ও তাহিরপুর) আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল ৩৪, ৯৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের তোফায়েল আহমদ পেয়েছেন ২০ হাজার ৪০ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জনি রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

২২: ৫৯, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ঠাকুরগাঁও-১ (সদর) আসন: ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

 ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৭৬টির ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট পেয়েছেন। অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৮৩৩ ভোট।

২২: ৫৫, ১২ ফেব্রুয়ারী ২০২৬

খাগড়াছড়ি আসন: ১১০ কেন্দ্রে বিএনপির ওয়াদুদ ভূঁইয়ার ভোট ৭৬,২৮৬ ও স্বতন্ত্র ধর্মজ্যোতির ভোট ৪৪,৩১৩

 খাগড়াছড়ি আসনে ১১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়া। তিনি পেয়েছেন ৭৬ হাজার ২৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৪৪ হাজার ৩১৩ ভোট। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত।

খাগড়াছড়ি সংসদীয় আসনে ভোট কেন্দ্র ২০৩টি। ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। মোট প্রার্থী ১১জন।

২২: ৫৫, ১২ ফেব্রুয়ারী ২০২৬

খাগড়াছড়ি আসন: ১১০ কেন্দ্রে বিএনপির ওয়াদুদ ভূঁইয়ার ভোট ৭৬,২৮৬ ও স্বতন্ত্র ধর্মজ্যোতির ভোট ৪৪,৩১৩

 খাগড়াছড়ি আসনে ১১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়া। তিনি পেয়েছেন ৭৬ হাজার ২৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৪৪ হাজার ৩১৩ ভোট। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত।

খাগড়াছড়ি সংসদীয় আসনে ভোট কেন্দ্র ২০৩টি। ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। মোট প্রার্থী ১১জন।

২২: ২৯, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন: ১৯ কেন্দ্রে গণসংহতির জোনায়েদ সাকি ১৬,৪০৭ এবং জামায়াতের মহসীন ৫৯৫৮

 ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনে (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এগিয়ে আছেন। রাত ১০টা পর্যন্ত মোট ৯৮টি কেন্দ্রের মধ্যে ১৯টির ফল পাওয়া গেছে। সেখানে তিনি মাথাল প্রতীকে ভোট পেয়েছেন ১৬ হাজার ৪০৭টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসীন পেয়েছেন ৫ হাজার ৯৫৮ ভোট।

এই আসনে মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ৬৭৪। রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জানান, এই আসনে ভোট পড়েছে ৫২ দশমিক ২৪ শতাংশ। তিনি রাত ১০টার দিকে ১৯টি কেন্দ্রের ফল ঘোষণা করেছেন।

২২: ৫২, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ফেনী-২ আসন: ৫০ কেন্দ্রে বিএনপির জয়নাল ৪৩,৫২১, এবি পার্টির মঞ্জু ২৪,১২৪

 ফেনী-২ আসনের ৫০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মনিরা হক। এসব কেন্দ্রে বিএনপির প্রার্থী জয়নাল আবদীন (ভিপি জয়নাল) ৪৩ হাজার ৫২১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া (মঞ্জু) পেয়েছেন ২৪ হাজার ১২৪ ভোট।

আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ৭৮ জন। মোট কেন্দ্র রয়েছে ১৪৬টি।

২২: ৩৩, ১২ ফেব্রুয়ারী ২০২৬

পিরোজপুর -৩ আসন: ৫৭ কেন্দ্রের ভোটে এগিয়ে ধানের শীষের রুহুল আমীন দুলাল

 পিরোজপুর -৩ (মঠবাড়িয়া উপজেলা) আসনে ৫৭টি কেন্দ্রে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. রুহুল আমীন দুলাল পেয়েছেন ৪১ হাজার ৬৬৪ ভোট।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রুস্তম আলী ফরাজী হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৭৩৪ ভোট।

এ আসনে মোট ভোটকেন্দ্র ৮৫টি।

২২: ১৭, ১২ ফেব্রুয়ারী ২০২৬

পিরোজপুর–২ আসন: ২৩ কেন্দ্রে জামায়াতের শামীম সাঈদী পেয়েছেন ১২,২৯৮ ভোট; ১২,০৫১

 পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর শামীম সাঈদী ২৩টি কেন্দ্রে পেয়েছেন ১২ হাজার ২৯৮ ভোট। বিএনপির আহম্মদ সোহেল মনজুর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫১ ভোট। এ আসনে মোট কেন্দ্র ১৬৬ টি।

ঘোষিত ২৩ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৮ হাজার ৪ টি, ‘না’ পড়েছে ৯ হাজার ৮৫৫ টি।

২২: ১০, ১২ ফেব্রুয়ারী ২০২৬

নোয়াখালী–১ আসন: ৪০টি কেন্দ্রে বিএনপির মাহবুব ৩৪,৪২৬ ও জামায়াতের ছাইফের ভোট ২৪,৯৩৭

 নোয়াখালী-১ আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে ৪০ টির ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ৩৪ হাজার ৪২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ছাইফ উল্যাহ পেয়েছেন ২৪ হাজার ৯৩৭ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ৪০ কেন্দ্রের এ ফল ঘোষণা দিয়েছেন।

২২: ০৮, ১২ ফেব্রুয়ারী ২০২৬

কুড়িগ্রাম–২ আসন: ১৩৪ কেন্দ্রে এনসিপির আতিকুর পেয়েছেন ১,২২,৪৯৮ ভোট, বিএনপির কায়কোবাদ ১,১৬,২৭২

 কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট, ফুলবাড়ী) আসনে ১৩৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলে এগিয়ে আছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আতিকুর রহমান মোজাহিদ। শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৬ হাজার ২৭২ ভোট পেয়েছেন।

আসনটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২০৫টি। মোট ভোটার রয়েছে ৬ লাখ ৪ হাজার ৭৩৬ জন।

২২:০১ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়া-৬ আসন: ২৭ কেন্দ্রের ভোটে দ্বিগুণ ভোটে এগিয়ে তারেক রহমান

 বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনের ২১টি কেন্দ্রের প্রাপ্ত ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৩৮ হাজার ৪২৮ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৪২৮ ভোট।

আসনটিতে মোট ভোট কেন্দ্র ১৫০টি। এখানে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ১৫ শতাংশ।

২১: ৫১ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

লক্ষ্মীপুর-৩ আসন: ৪৮ কেন্দ্রে বিএনপির এ্যানির ৪৯,৪৬০ ভোট ও জামায়াতের রেজাউলের ৪১,৭০৭ভোট

 লক্ষ্মীপুর-৩ আসনের ৪৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। এই ৪৮টি কেন্দ্রে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ৪৯ হাজার ৪৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭০৭ ভোট।

এ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৩০ টি।

২১: ৪৭ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম-১১ আসন: ৩১ কেন্দ্রের ভোটে আমীর খসরুর ২১,৮৮১ ও জামায়াতের শফিউলের ১৫,০৩৩

 চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ১৪৩টি কেন্দ্রের মধ্যে ৩১ টির ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

এতে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ২১ হাজার ৮৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ১৫ হাজর ৩৩ ভোট।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫২ হাজার ৩৩৩ জন, নারী ২ লাখ ৪২ হাজার ৯৪২ জন এবং হিজড়া ৩ জন।

২১: ৪১, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ফেনী-৩ আসন: ৭৪টি কেন্দ্রের ভোটে এগিয়ে বিএনপির আব্দুল আউয়াল মিন্টু

 লক্ষ্মীপুর-১ আসনের ৯৩টি কেন্দ্রের মধ্যে ৫৫টির ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাশিদ বিন এনাম। এই ৫৫টি কেন্দ্রে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম ৪৮ হাজার ৭১১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মাহবুব আলম পেয়েছেন ৩৪ হাজার ৫৯৬ ভোট।

২১: ২৯, ১২ ফেব্রুয়ারী ২০২৬

লক্ষ্মীপুর-১ আসন: ৫৫ কেন্দ্রে বিএনপির শাহাদাতের ভোট ৪৮ ৭১১ ও এনসিপির মাহবুবের ৩৪৫৯৬

 ফেনী-৩ আসনের ৭৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মনিরা হক। এতে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। ৭৪টি কেন্দ্রে বিএনপির প্রার্থী পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক পেয়েছেন ৮৪ হাজার ৮১২ ভোট।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ১৯২ জন। মোট প্রার্থী ৯ জন। কেন্দ্র রয়েছে ১৬১টি।

২১: ২৭, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ফেনী–২ আসন: ২৪টি কেন্দ্রে বিএনপির জয়নালের ভোট ১৯৫৪২ ও এবি পার্টির মঞ্জু ১১৬৮৩

 ফেনী-২ আসনের ২৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মনিরা হক। এই ২৪টি কেন্দ্রে বিএনপির প্রার্থী জয়নাল আবদীন ওরফে ভিপি জয়নাল ১৯ হাজার ৫৪২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু পেয়েছেন ১১ হাজার ৬৮৩ ভোট।

ফেনী-০২ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ৭৮ জন। মোট প্রার্থী ১১ জন। কেন্দ্র রয়েছে ১৪৬টি।

২১: ২৫, ১২ ফেব্রুয়ারী ২০২৬

পাবনা–৫ (সদর) আসন: ৮২ কেন্দ্রের ভোটে বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস ৯২৩৭০ ভোট, জামায়াতের ইকবাল হোসাইন ৮৬৪৯০

 পাবনা–৫ (সদর) আসনে ৮২ কেন্দ্রের ভোটে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৩৭০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. ইকবাল হোসাইন দঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ৪৯০ ভোট।

এই আসনে মোট কেন্দ্র ১৬৩।

২১: ১৬, ১২ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লা–৪ আসন: ১৫ কেন্দ্রের ভোটে এগিয়ে হাসনাত আবদুল্লাহ

 কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ১৫টি কেন্দ্রের ফলে এগিয়ে আছেন। শাপলা কলি প্রতীকে তিনি ১৭ হাজার ৯৮৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন ট্রাক প্রতীকে ৭ হাজার ৭৮ ভোট পেয়েছেন।

এই আসনে মোট কেন্দ্র ১১৬।

২১: ০৯, ১২ ফেব্রুয়ারী ২০২৬

জামালপুরের ৫টি আসনে আংশিক ফলে এগিয়ে বিএনপির প্রার্থীরা

জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের সবকটিতে আংশিক ফলে বিএনপি মনোনীত প্রার্থীরা এগিয়ে আছেন।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের ১২৮টি কেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রের ফলে ধানের শীষের প্রার্থী এম রশিদুজ্জামান (মিল্লাত) ৬৪ হাজার ৬২৫ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের মো.নাজমুল হক (সাঈদী) ৪২ হাজার ৬৪৪ ভোট পেয়েছেন। আসনটিতে ধানের শীষ ২১ হাজার ৯৮১ ভোটে এগিয়ে আছে।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৫টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ (বাবু) ৬৫ হাজার ৬৪৩ এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো.ছামিউল হক ৪১ হাজার ৯৬৫ ভোট পেয়েছেন। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ২৩ হাজার ৬৭৮টি।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী মো.মোস্তাফিজুর রহমান (বাবুল) ১৬ হাজার ৭০ এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো.মজিবুর রহমান (আজাদী) ৫ হাজার ১২৮ ভোট পেয়েছেন।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ৮৮টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদার (শামীম) ১৭ হাজার ৯৫৩ এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়াল ৫ হাজার ২৯৮ ভোট পেয়েছেন।

জামালপুর-৫ (সদর) আসনে ১৬১টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী (মামুন) ২২ হাজার ৯২৭ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার ১২ হাজার ৮০৮ ভোট পেয়েছেন। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ্ মো.ওয়ারেছ আলী ১২ হাজার ৮০৮ ভোটে এগিয়ে আছেন।

২১: ০২, ১২ ফেব্রুয়ারী ২০২৬

খুলনা-৫ আসন: ৩১ কেন্দ্রে বিএনপির আলি আসগার ২৯৩৭১, জামায়াতের মিয়া পরওয়ার ২৪৭৩৯

ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা–৫ আসন। এই আসনের ৩১টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)। তিনি ধানের শীষ প্রতীকে ২৯ হাজার ৩৭১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীকে ২৪ হাজার ৭৩৯ ভোট পেয়েছেন।

আসনটিতে মোট কেন্দ্র রয়েছে ১৫০টি। ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮।

২০: ৫৯ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

ঠাকুরগাঁও -১ আসন: ৩৫ কেন্দ্রে মির্জা ফখরুল ৩৯১০১, দেলাওয়ার হোসেন ২৫৯৭৬

 ঠাকুরগাঁও -১ (সদর) আসনের ৩৫টি কেন্দ্রে ৩৯ হাজার ১০১ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ধানের শীষ)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ২৫ হাজার ৯৭৬ ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদিমুল ইসলাম পেয়েছেন ৭০৫ ভোট। আসনটির মোট কেন্দ্র ১৮৫টি।

২০: ৫৩, ১২ ফেব্রুয়ারী ২০২৬

কক্সবাজার-১ আসন: ২০ কেন্দ্রের ভোটে বিএনপির সালাহউদ্দিনের ভোট ২৮০৬৯, জামায়াতের ফারুক ১২৫৪১

 কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ২০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন চকরিয়া ও পেকুয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এই ২০টি কেন্দ্রে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২৮ হাজার ৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ১২ হাজার ৫৪১ ভোট।

কক্সবাজার-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। মোট প্রার্থী ৩ জন। কেন্দ্র রয়েছে ১৭৭টি।

২০: ৪২ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া–২ আসন: ১২ কেন্দ্রের ভোটে এগিয়ে রুমিন ফারহানা

 ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছেন। রাত ৮ টা ২৪ মিনিট পর্যন্ত ১২ টি কেন্দ্রে রুমিন ফারহানা ভোট পেয়েছেন ৯ হাজার ৬৪৮। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৬ হাজার ৭৪৫ ভোট।

এই আসনের মোট ভোটকেন্দ্র ১৫১।

২০: ৩৭, ১২ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম-১০ আসন: ১০ কেন্দ্রে বিএনপির সাঈদ আল নোমান ৭,১১৮ ও জামায়াতের শামসুজ্জামান ৪৪৭০ ভোট

 চট্টগ্রাম-১০ আসনের ১০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউদ্দীন। এই ১০টি কেন্দ্রে বিএনপির প্রার্থী সাঈদ আল নোামান পেয়েছেন ৭ হাজার ১১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৪ হাজার ৪৭০ ভোট।

চট্টগ্রাম-১০ (খুলশি–পাহাড়তলী–ডবলমুরিং) আসনে মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ৪৪৪ জন। মোট প্রার্থী ৯ জন। কেন্দ্র রয়েছে ১৩৯টি।

২০: ৩৫ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

বান্দরবান: ৪৬ কেন্দ্রে বিএনপির সাচিংপ্রু জেরী পেয়েছেন ৩২৮১৭ ভোট, এনসিপির আবু সাঈদ মো. সুজাউদ্দিন ৫১০৪

 বান্দরবান আসনে বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরী এগিয়ে রয়েছেন। রাত সোয়া ৮টা পর্যন্ত ১৮৬ কেন্দ্রের মধ্যে ৪৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সাচিংপ্রু জেরী পেয়েছেন ৩২ হাজার ৮১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আবু সাঈদ মো. সুজাউদ্দিন পেয়েছেন ৫ হাজার ১০৪ ভোট। জাতীয় পার্টির (কাদের) আবু জাফর মো. ওয়ালিউল্লাহ ৫৭৮ ভোট ও ইসলামী আন্দোলনের মাওলা আবুল কালাম আজাদ ৯৩২ ভোট পেয়েছেন।

২০: ২৮, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী

 ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন।

আজ বৃহস্পতিবার রাত ৮টার কিছু আগে সহকারী রিটানিং কর্মকর্তা ও শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন।

২০: ২৩, ১২ ফেব্রুয়ারী ২০২৬

রংপুর-২ আসন: ৫ কেন্দ্রে এটিএম আজহার পেয়েছেন ৪৫৩৪ ভোট, বিএনপির মোহাম্মদ আলী ২৫০৯

 রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের ১৩৭টি কেন্দ্রের মধ্যে ৫ কেন্দ্রের প্রাপ্ত ভোটে এগিয়ে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৩৪ ভোট। ধানের শীষ প্রতীকে বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ২ হাজার ৫০৯ ভোট। জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৬৮ ভোট।


২০: ২১ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

রংপুর-১ আসন: ২৫টি কেন্দ্রের ভোটে এগিয়ে জামায়াত

 রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশন ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড) আসনে ১৬৯ টি কেন্দ্রের মধ্যে ২৫টির ভোটে এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী মো. রায়হান সিরাজী। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ২৫ হাজার ৪০১ ভোট পেয়েছেন। আর বিএনপির মোকাররম হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫৮৫।

২০: ১০, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ময়মনসিংহ-১ আসন: ৫৩টি কেন্দ্রের ভোটে এগিয়ে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী সালমান ওমর

 ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ১৪৩টি কেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলে এগিয়ে আছেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ সালমান ওমর। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৪০ হাজার ৯৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ২৪২ ভোট।

২০: ০৬ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

রংপুর–৪ আসন: ৫৭ কেন্দ্রে এনসিপির আখতার হোসেন পেয়েছেন ৭২৮৯৭ ভোট, বিএনপির এমদাদুল ভরসা পেয়েছেন ৫৭৪৩৯

 রংপুর–৪ (পীরগাছা–কাউনিয়া) আসনের ১৬৩ কেন্দ্রের মধ্যে ৫৭টির ভোটে এগিয়ে আছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৮৯৭ ভোট। এই আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষে পেয়েছেন ৫৭ হাজার ৪৩৯ এবং জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ১৭ হাজার ৮৯৫ ভোট।

১৯: ৫৪, ১২ ফেব্রুয়ারী ২০২৬

খুলনা–১ আসন: ৪ কেন্দ্রে বিএনপির এজাজ খান পেয়েছেন ৫০৪৫ ভোট, জামায়াতের কৃষ্ণ নন্দী ১৪৮০

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের চারটি কেন্দ্রের ভোটে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৪৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী ১ হাজার ৪৮০ ভোট পেয়েছেন।

ঘোষিত কেন্দ্রগুলোর মধ্যে কৈলাশগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমীর এজাজ খান ধানের শীষে ৭৭৯ ভোট পেয়েছেন। কৃষ্ণ নন্দী দাঁড়িপাল্লায় পেয়েছেন ১৯৫ ভোট। বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ধানের শীষ ১ হাজার ১৯৮ ও দাঁড়িপাল্লা প্রতীকে ১৯০ ভোট পড়েছে। কালাবগী সালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ধানের শীষ ১ হাজার ৭১৪ ও দাঁড়িপাল্লা ৯৯২ ভোট পেয়েছে। দাকোপ থানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমীর এজাজ খান ধানের শীষে ১ হাজার ৩৫৪ ভোট ও কৃষ্ণ নন্দী দাঁড়িপাল্লায় ১০৩ ভোট পেয়েছেন।

১৯: ৫০, ১২ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুর-১ ও শেরপুর-২ আসনে এগিয়ে জামায়াত

শেরপুর-১ (সদর) আসনের ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি কেন্দ্রের ভোটে এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী রাশেদুল ইসলাম। তিনি পেয়েছেন ২৯ হাজার ৬২৭ ভোট। বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ধানের শীষ প্রতীকে ১৫ হাজার ১৮৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। স্বতন্ত্র প্রার্থী শফিকুর ইসলাম (মাসুদ) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৭২ ভোট।

এদিকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহা্ড্ডি লড়াই চলছে। আসনটির ১৫৪টি কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে জামায়াতের মু. গোলাম কিবরিয়া ৪০ হাজার ১৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। বিএনপির ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৮৪৫।

১৯: ৪৫, ১২ ফেব্রুয়ারী ২০২৬

নওগাঁ-১ আসন: ৪৪ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৪৭৪২৮ ভোট, দাঁড়িপাল্লা ৩০৮১৯

নওগাঁ-১ (পোরশা, সাপাহার এবং নিয়ামতপুর উপজেলা) আসনের ৪৪টি কেন্দ্রে ৪৭ হাজার ৪২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীকে ৩০ হাজার ৮১৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন জামায়াতে ইসলামীর মোহা. মাহবুবুল আলম।

১৯: ২৮ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

রংপুর-৩ আসন: ৫ কেন্দ্রের ভোটে তৃতীয় স্থানে জি এম কাদের, এগিয়ে জামায়াত

রংপুর-৩ (সিটি কর্পোরেশনে ও সদর) আসনে ৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলে ২ হাজার ৭০৬ ভোটে পিছিয়ে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি পেয়েছেন ১ হাজার ৫৪ ভোট। এসব কেন্দ্রে জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান ৩ হাজার ৭৬০ ভোট পেয়ে এগিয়ে আছেন। ধানের শীষ প্রতীকে বিএনপির সামসুজ্জামান সামু পেয়েছেন ২ হাজার ২০৪ ভোট।

রংপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ২ হাজার ৯৯২। মোট কেন্দ্র ১৬৯। ফল পাওয়া কেন্দ্রগুলো হলো ধাপ সাত গড়া মাদ্রাসা, দি মিলেনিয়াম স্কুল, মেডিকেল কলেজ হাইস্কুল, মরিয়ম নেসা সরকারি বালিকা বিদ্যালয় ও শাহাবাজপুর সরকারি বিদ্যালয়।

১৯: ২৪, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা-৯ আসন: কেন্দ্র নং - ৪২ (নাজমুল হক মদিনাতুল উলুম মাদ্রাসা)

বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৬৮ ভোট। আর এনসিপির জাবেদ রাসিন শাপলা কলি প্রতীকে ৩৬১ পেয়েছেন।

এই কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ১০৬১; আর ‘না’ ভোট পড়ে ২৫৬।

কেন্দ্র নং: –৮৮ (মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ)
হাবিবুর রশিদ ধানের শীষ প্রতীকে পেয়েছন ৫৫৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১০৯ ভোট এবং এনসিপির জাবেদ রাসিন শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১৫৭ ভোট।

এই কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৪৭ এবং ‘না’ ভোট পড়েছে ২৬৭।

১৯: ০০, ১২ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লা-৪ আসন: ভোট গ্রহণের শেষ সময়ে নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপি–সমর্থিত প্রার্থীর

  কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের শেষ সময়ে এই বর্জনের দিয়েছেন তিনি।

আসনটিতে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ঋণখেলাপির অভিযোগে এই আসনে বিএনপির মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সী তাঁর প্রার্থিতা হারান। এরপর ৪ ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি।

আজ বৃহস্পতিবার সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন এসে জসিম উদ্দিন গণমাধ্যমে বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোট গ্রহণের শেষ সময় বিকেল সাড়ে চারটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বর্জনের ঘোষণা দেন তিনি।

ফেসবুক লাইভে জসিম উদ্দিন বলেন, ‘আজকে আপনারা দেখেছেন, আমাদের বড়শালঘর, রসুলপুর, ইউসুফপুর, সুবিল, মাশিকারা, ফতেহপুর ইউনিয়নগুলোতে ব্যাপক অনিয়ম হয়েছে। ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। আমাদের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের নেতা-কর্মী যারা কেন্দ্রে গিয়েছিল, তাদেরকে আহত করা হয়েছে। আমাদের কর্মীদেরকে হুমকি দেওয়া হয়েছে, সারা দিন টাকা দিয়ে ভোট কিনেছে। এখন শেষ মুহূর্তে এসে তারা নিজেরা নিজের ভোট কাটছে। আমি দেবীদ্বারের জনগণের সার্বিক বিষয়ে বিবেচনা করে বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে এই নির্বাচনকে বর্জন করলাম।’

২ মিনিট ১১ সেকেন্ডের ফেসবুক লাইভে জসিম উদ্দিন আরও বলেন, ‘আমরা প্রশাসন থেকে কোনো প্রকার সহায়তা পাইনি। আমরা বারবার ফোন দেওয়ার পরও প্রশাসন কোনো কেন্দ্রে যায়নি। তারা সহযোগিতা না করে বিভিন্ন অজুহাত দেখিয়েছে। তাদের কাছে অভিযোগ করলে বলত, “আমরা দেখতেছি, আপনারা যান। ” কিন্তু প্রশাসন বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, কেউ আমাদের কোনো সহায়তা করে নাই। তাদের কাছ থেকে কোনো দিক থেকেই সহায়তা পাইনি।’

১৮: ৪৭, ১২ ফেব্রুয়ারী ২০২৬

চিহ্নিত একটি রাজনৈতিক দল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীতি ছড়ানোর চেষ্টা করেছে: বিএনপি

গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: পদ্মা ট্রিবিউন
গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: পদ্মা ট্রিবিউন

 নির্বাচনের আগের দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশের একটি চিহ্নিত রাজনৈতিক দল ভোটারদের মনে ভীতি ছড়ানোর চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

মাহদী আমিন বলেন, চিহ্নিত রাজনৈতিক দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যাতে ভোটারদের মনে ভোট বিষয়ে এক ধরনের ভীতি তৈরি হয়। তবে বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ। সেটি স্তিমিত করার কোন অপচেষ্টা সফল হবে না বলেই বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে।

ভোটগ্রহণ শেষ হলেও ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান মাহদী আমিন। তিনি বিএনপি এবং অঙ্গসংগঠনে নেতাকর্মীদের ভোটের ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান।

১৮: ২০, ১২ ফেব্রুয়ারী ২০২৬

গাজীপুরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ৪ জনের কারাদণ্ড

গাজীপুর- ৪ আসনের ভাওয়াল চাঁদপুর কেন্দ্র সংলগ্ন এলাকায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় চার জনকে ২ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজন বিএনপির ও দুজন জামায়াতের কর্মী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে গাজীপুর- ৪ আসনের চাঁদপুর ইউনিয়নের ভাওয়াল চাঁদপুর কেন্দ্র সংলগ্ন এলাকায় বিএনপি এবং জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা ৪ জনকে আটক করে। পরে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁদের প্রত্যেককে ২ বছর করে জেল এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ডাদেশ দেয়।

গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যট মো. আলমগীর হোসেন চারজনকে দণ্ড দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

দণ্ডাদেশ পাওয়া বিএনপির কর্মীরা হলেন, কাপাসিয়া উপজেলার দুর্গাপুর গ্রামের মো. ইলিয়াস, একই উপজেলার সোনারুয়া গ্রামের মো. তারেক। অপরদিকে জামায়াতের দুজন হলেন ঝিনাইদহ জেলার সদর উপজেলার শিকারপুর গ্রামের মো. মেজবাহ ও গাজীপুরের কাপাসিয়ার মো. ইফতেখার।

১৭: ৪৭ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

১৮ কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে—সেটাই আশা করি: জামায়াতের আমির শফিকুর রহমান

ফাইল ছবি
ফাইল ছবি

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমরা চাই, সরকারটা হোক জনগণের, কোনো দলের নয়, ব্যক্তির নয়, পরিবারের নয়। দল, ব্যক্তি ও পরিবারের গণ্ডি অতিক্রম করে ১৮ কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে—সেটাই আমরা আশা করি।’

আজ বৃহস্পতিবার বেলা ২টায় ঢাকা-১৫ আসনে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

১৭: ৩৯, ১২ ফেব্রুয়ারী ২০২৬

৫টার পরও নারীদের ভোটের দীর্ঘ লাইন

বছিলা পুরাতন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারেরা। ছবি: পদ্মা ট্রিবিউন
বছিলা পুরাতন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারেরা। ছবি: পদ্মা ট্রিবিউন

 বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে যারা কেন্দ্রে উপস্থিত বিকেল তাদের ভোট নেওয়া হয়েছে। ৫টার পরও রাজধানীর বছিলা পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহন চলতে দেখা গেছে।

বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ওই ভোটকেন্দ্রে গিয়ে নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে। তখন ৫০ জনের বেশি নারী ভোটারকে লাইনে ভোটের জন্যে অপেক্ষায় থাকতে দেখা গেছে।

‎এই কেন্দ্রে নারীরা ভোট দিয়েছেন। মোট ভোটার ৩ হাজার ৮৩২ জন। দুপুর ৩টা পর্যন্ত ভোট পড়েছিল ১ হাজার ৭৫০ জন। ভোটের হার ৪৫.৬%।

‎‎বিকেল ৫ টা ৭ মিনিটে বছিলা পুরাতন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির দ্বিতীয় তলায় নারীরা ভোট দিতে দীর্ঘ লাইন ধরে আছে। এ কেন্দ্রটি নারীদের জন্য নির্ধারিত হওয়ায় শুধু নারীরাই এ কেন্দ্রে ভোট দিচ্ছেন।

১৭: ২২, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভোট গণনা শুরু, ২৯৯ আসনে ফলের অপেক্ষা

ভোট গণনা চলছে। তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা। ছবি: পদ্মা ট্রিবিউন
ভোট গণনা চলছে। তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা। ছবি: পদ্মা ট্রিবিউন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা।

দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চার ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

তবে যদি কোনো কেন্দ্রে অপেক্ষমাণ ভোটারের দীর্ঘ সারি থাকে, তাহলে বিকেল সাড়ে চারটার পরও তাঁদের ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ শেষে শুরু হবে ভোট গণনা। এখন ফলাফলের অপেক্ষা।

১৭: ২২, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আজ এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন।

নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রধান উপদেেষ্টা বলেন, ‘ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন-সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারত্ব—এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারনে সক্রিয় ভূমিকা রেখেছেন।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানাই। তাঁদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাই—চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে—জনগণই সকল ক্ষমতার উৎস। এই নির্বাচন আমাদের জন‍্য মহা আনন্দের ও উৎসবের। এর মধ‍্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো।’

প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এই ধারা ধরে রাখা সম্ভব হলে গণতন্ত্র উৎকর্ষের শিখরে যাবে। তিনি গণতন্ত্রকে শক্তিশালী করার এই অভিযাত্রায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

১৬: ৩৩, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যালট বাক্স আসতে শুরু করেছে প্রিজাইডিং কর্মকর্তার অফিসে। ছবিটি টিএন্ডটি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন
ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যালট বাক্স আসতে শুরু করেছে প্রিজাইডিং কর্মকর্তার অফিসে। ছবিটি টিএন্ডটি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হলো। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।

দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চার ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

তবে যদি কোনো কেন্দ্রে অপেক্ষমাণ ভোটারের দীর্ঘ সারি থাকে, তাহলে বিকেল সাড়ে চারটার পরও তাঁদের ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ শেষে শুরু হবে ভোট গণনা। এখন ফলাফলের অপেক্ষা।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হলো। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।

দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চার ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কিছু অভিযোগ এসেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

তবে যদি কোনো কেন্দ্রে অপেক্ষমাণ ভোটারের দীর্ঘ সারি থাকে, তাহলে বিকেল সাড়ে চারটার পরও তাঁদের ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ শেষে শুরু হবে ভোট গণনা। এখন ফলাফলের অপেক্ষা।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ ভোট দিলেন দেশের ভোটারেরা।

একই সঙ্গে ভোটারেরা গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোট দিয়ে নিজেদের মত জানালেন। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে তা হবে সংবিধানের মৌলিক সংস্কার বাস্তবায়ন হবে।

ঢাকা-৬: ক্যামব্রিজ স্কুলের নারী কেন্দ্রে ৩৭%, পুরুষ কেন্দ্রে ৫৩% ভোট পড়েছে
ঢাকা-৬ আসনে কামরাঙ্গীরচরে ক্যামব্রিজ স্কুলের নারী কেন্দ্রে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ২ হাজার ১৩টি বা ৪২ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছে। এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৭৫১ জন। পুরুষ কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত ভোট পড়েছে ৫৩ শতাংশ, ২ হাজার ৪৬৭টি। এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৬৪৯ জন। প্রিসাইডিং কর্মকর্তা মো. জাকির হোসেন এ তথ্য জানান। 

 

১৬: ৩০, ১২ ফেব্রুয়ারী ২০২৬

শেষ ঘণ্টায় বনানীতে ভোটার কম, দুই কেন্দ্রে ভোট পড়েছে ৩৬%

শেষ সময় অলস সময় পার করছেন ভোটগ্রহণ কর্মকর্তারা। ছবিটি বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্র থেকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন
শেষ সময় অলস সময় পার করছেন ভোটগ্রহণ কর্মকর্তারা। ছবিটি বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্র থেকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন

শেষ সময়ে রাজধানীর বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারের উপস্থিতি কমে গেছে। ভোটগ্রহণ কর্মকর্তাদের অলস সময় কাটাতে দেখা গেছে।

এখানে ৬৯ নম্বর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪২৪ জন। বেলা সাড়ে তিনটা পর্যন্ত ভোট পড়েছে ৯১১টি, যা প্রায় ৩৭ শতাংশ।

সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, অনেক ভোটার অবসরের গ্রহণের পর গ্রামে চলে যাওয়ায় ভোটের হার কিছুটা কম।

একই প্রতিষ্ঠানের ৭২ নম্বর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭৩৪ জন। শেষ ঘণ্টার আগে পর্যন্ত ভোট পড়েছে ৯৬২টি, যা প্রায় ৩৫ শতাংশ। শেষ সময়ে নতুন করে ভোটার উপস্থিতিও কম দেখা যাচ্ছে।

১৬: ২৪, ১২ ফেব্রুয়ারী ২০২৬

বেলা ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ছবি: পদ্মা ট্রিবিউন
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ছবি: পদ্মা ট্রিবিউন

বেলা ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আজ বিকেল সোয়া চারটার দিকে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সহিংসতা ও অনিয়মের কিছু অভিযোগ এসেছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ বলে জানিয়েছিলেন ইসি সচিব।

১৬: ১৮, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সরাইলে ভোটকেন্দ্রে পোলিং কর্মকর্তা অজ্ঞান, হাসপাতালে মৃত ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কাচারি পাড়া এলাকায় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তন ভোটকেন্দ্রে সকাল আটটার দিকে জ্ঞান হারিয়ে হেলে পড়েন ২ নম্বর বুথের পোলিং কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম (৪৮)। পরে লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি সরাইল উপজেলার পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শামীম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুজাহিদুল ইসলাম ভোটকেন্দ্রে কর্মরত অবস্থায় মাটিতে হেলে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. নাজিম উদ্দীন বলেন, সম্ভবত তিনি হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। লাশ আমাদের জিম্মায় রাখা হয়েছে।

১৬: ১৮, ১২ ফেব্রুয়ারী ২০২৬

বংশালের কেন্দ্রটিতে ভোটার, এজেন্ট ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সবাই নারী

পুরান ঢাকার বংশাল বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রটি কেবল নারীদের জন্য। আজ দুপুরে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন
পুরান ঢাকার বংশাল বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রটি কেবল নারীদের জন্য। আজ দুপুরে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন

 রাজধানীর পুরান ঢাকার জনাকীর্ণ এলাকা বংশাল। ব্যস্ত সড়কের পাশে একটি বিদ্যালয়। নাম বংশাল বালিকা উচ্চবিদ্যালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর গণভোটের ভোটকেন্দ্র এটি। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ভোটারদের পদচারণে মুখর কেন্দ্রটি।

এই কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মাসুদুল ইসলাম। আজ দুপুরে জানালেন, কেন্দ্রটি নারী ভোটারদের জন্য। অর্থাৎ এই কেন্দ্রের সব ভোটার নারী। শুধু কি তাই, কেন্দ্রের এজেন্ট থেকে শুরু করে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা—সবাই নারী।

মাসুদুল ইসলাম বলেন, ‘সকাল থেকে ভোটার উপস্থিতি অনেক ভালো। এখন পর্যন্ত কারও কোনো অভিযোগ নেই।’

দুপুরে কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, নারী ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। কথা হলো গৃহিণী শিরীন আক্তারের সঙ্গে। বললেন, ‘২০১৪ সালের পর ভোট দিতে পারিনি। অনেক বছর পরে ভোট দিতে পেরে শান্তি লাগছে। কোথাও কোনো সমস্যা হয়নি।’


চারটি ভোটকক্ষ ঘুরে একটিতে কয়েকজন বোরকা পরা নারীকে দেখা গেল। ভোট দিতে এসেছেন তাঁরা। জানা গেল, নারী এজেন্ট, নারী পোলিং কর্মকর্তা ও নারী প্রিসাইডিং কর্মকর্তারা তাঁদের মুখ দেখে পরিচয় নিশ্চিত করছেন। এরপর ব্যালট পেপার দেওয়া হচ্ছে। এ নিয়ে ভোটারদের কাউকেই আপত্তি জানাতে দেখা যায়নি।

১৬: ১৩, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকার ৪ আসনের ১০ কেন্দ্র: কোথায় কত ভোট পড়ল

ফারাহ প্রথম ভোট দিলেন। এই আনন্দে মা ছবি তুলে দিচ্ছেন। ঢাকা মহিলা কলেজ ধানমন্ডি। ছবি: পদ্মা ট্রিবিউন
ফারাহ প্রথম ভোট দিলেন। এই আনন্দে মা ছবি তুলে দিচ্ছেন। ঢাকা মহিলা কলেজ ধানমন্ডি। ছবি: পদ্মা ট্রিবিউন

দুপুর পর্যন্ত ঢাকার ৪টি আসনের ১০টি কেন্দ্র কত ভোট পড়ল, আসুন জেনে নেই—

ঢাকা–১৭
রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৮ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মুনতাসির মামুন জানান, তাঁর এখানে পাঁচটি কেন্দ্র। সবাই নারী ভোটার। দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত তাঁর কেন্দ্রে ৩৫ শতাংশ ভোট পড়েছে। এখানে ২ হাজার ৪৩৭ জন ভোটার। এর মধ্যে ৮২৬ জন ভোট দিয়েছেন।

একই বিদ্যালয়ের ৭৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সুশান্ত কুমার সরকার বলেন, দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত তাঁর কেন্দ্রে ২ হাজার ৬৭৩ জন ভোটারের মধ্যে ১ হাজার ৭৬ জন ভোট দিয়েছেন। ভোট পড়ার হার ৪০ দশমিক ২৫ শতাংশ।

এদিকে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ৬৫ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গাজী মিজানুর রহমান বলেন, সেখানে ১৪টি বুথ। এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ভোট দিয়েছেন। আজ দুপুর ১২টা পর্যন্ত এখানে ১৫ শতাংশ ভোট পড়েছে।

একই প্রতিষ্ঠানের ৬৭ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু দাউদ বলেন, তাঁর কেন্দ্রে ৬টি বুথ। সবগুলো নারীদের জন্য। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ২০ শতাংশ ভোট পড়েছে।

৬৩ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, তাঁর কেন্দ্রের ৫টি বুথের সবগুলো পুরুষদের। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ২০ শতাংশ ভোট পড়েছে।

ঢাকা–১৬
মিরপুর–১১ নম্বর সেকশনের মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের দুই কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ছয় হাজার ৯৬৮টি। বেলা একটা পর্যন্ত এ দুই কেন্দ্রে ভোট পড়েছে ২ হাজার ৩৯৫টি। ভোট পড়ার হার ৩৮ শতাংশ।

এখানকার নারী ও পুরুষ কেন্দ্রের দুই প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন ও মশিউর রহমান জানান, ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক। বেলা ১২ টার পর ভোটার উপস্থিতি বেড়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে।

ঢাকা–০৪
শনির আখড়ার বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কাশেম গাজী জানান, ওই কেন্দ্রে সব নারী ভোটার। মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮৬৯ জন। বেলা ১২টা পর্যন্ত ৬৯৮ জন ভোট দিয়েছেন। ২৫ শতাংশ ভোট পড়েছে।

আসকর আলী ও কোব্বাত মিঞা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০২ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রাজু আহমেদ বলেন, কেন্দ্রটিতে ভোটার সংখ্যা দুই হাজার ১৭৫ জন। বেলা ১২টা পর্যন্ত ৪৯০ জন ভোট দিয়েছেন। ২২ শতাংশ ভোট পড়েছে।

ঢাকা–০৬
কবি নজরুল সরকারি কলেজের ৫৫ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, ভোটগ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় ৪ হাজার ১৪৩ জন ভোটারের মধ্যে ৯৮০ জন ভেটা দিয়েছেন। ভোট প্রদানের হার ২৪ শতাংশ। তিনি বলেন, কেন্দ্রের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।

১৬: ০৭, ১২ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি

 কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছিল। কুমিল্লা-১১ আসনের এই কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন ছিল। তবে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রটিতে একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভোটাররা প্রাণভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

ঘটনার সময় কেন্দ্র থেকে ৩০০ মিটার দূরে ছিল সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। তাঁরা দ্রুত কেন্দ্রে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনা সুষ্ঠু ভোটের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৯০৬। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ১ হাজার ২৫০ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা আতিকুল ইসলাম।

কেন্দ্রে থাকা বিএনপির প্রার্থী কামরুল হুদার নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করতে জামায়াত-শিবিরের লোকজন ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। তবে জামায়াতের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষের লোকজন এ অভিযোগ অস্বীকার করেছেন।

প্রিসাইডিং কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোনো একটি পক্ষ সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করতে এমন ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে পাশেই সেনাবাহিনী থাকায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। এখন যথারীতি ভোট গ্রহণ চলছে।
কেন্দ্রে গিয়ে দেখলেন, ভোট দেওয়া হয়ে গেছে, দায়িত্বপ্রাপ্ত তিনজনকে প্রত্যাহার

বিএনপির প্রার্থীর পক্ষে দায়িত্ব পালনকারী সাইফুর রহমান বলেন, ‘জগন্নাথদীঘিসহ পাশের আলকরা ও গুণবতী ইউনিয়নের কেন্দ্রগুলোতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকেরা সকাল থেকেই প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এরই মধ্যে অনেক কেন্দ্র তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। আমাদের এই কেন্দ্রে সকাল থেকেই মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছিল। দুপুর ১২টার দিকে জামায়াত-শিবিরের কয়েকজন এসে বলে, সবাই চলে যান, আর ভোট দিতে হবে না। এরপর কেন্দ্রের পাশে দুই দিক থেকে অন্তত সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ভোটাররা প্রাণে বাঁচতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। তারা কেন্দ্রটি দখলে নিতে চায়।’
এদিকে কেন্দ্রটিতে জামায়াতের প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক তৌহিদুর আজম বলেন, ‘আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এ ঘটনায় কোনোভাবেই জামায়াতের লোকজন জড়িত নেই। যেদিক থেকে ককটেল বা আতশবাজি ফোটানো হয়েছে, ওই পাশে বিএনপির লোকজন অবস্থান করছিল। কিছু করে থাকলে তাদেরই করার কথা। তারা পরিকল্পিতভাবে জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার করছে।’

কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহকারী উপপরিদর্শক মো. রাশেদ বলেন, ‘দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছিল। এমন সময় ককটেলের মতো কিছু শব্দ আমরা শুনেছি। পরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসে। এখন স্বাভাবিক, ভোট গ্রহণ চলছে। আমরা ভোটারদের আশ্বস্ত করেছি যে এখানে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে।’

১৬: ০১ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভোটগ্রহণ আর ৩০মিনিট

মতিঝিল কলোনী কমিউনিটি সেন্টারে ভোটের চিত্র। ছবি: পদ্মা ট্রিবিউন
মতিঝিল কলোনী কমিউনিটি সেন্টারে ভোটের চিত্র। ছবি: পদ্মা ট্রিবিউন

সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। ককটেল বিস্ফোরণ ও কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আর ৩০ মিনিট ভোটগ্রহণ চলবে।

তবে যদি কোনো কেন্দ্রে অপেক্ষমাণ ভোটারের দীর্ঘ সারি থাকে, তাহলে বিকেল সাড়ে চারটার পরও তাঁদের ভোট নেওয়া হবে। 

১৫: ৫৫, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ডেমরার দুই কেন্দ্রে তিনটা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৪৪ শতাংশ

ঢাকা-৫ আসনের ডেমরা এলাকার বাউনিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে বেলা তিনটায় নারী ভোটারদের লাইন। ছবি: পদ্মা ট্রিবিউন
ঢাকা-৫ আসনের ডেমরা এলাকার বাউনিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে বেলা তিনটায় নারী ভোটারদের লাইন। ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর ডেমরার বাওয়ানী বিদ্যালয়ের দুটি ভোটকেন্দ্রে বেলা তিনটা পর্যন্ত ৪৩ দশমিক ৬৮ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। দুই কেন্দ্রে মোট ভোটার ৭ হাজার ১৯৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩ হাজার ১৪৩ জন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। বেলা তিনটা পর্যন্ত কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভোট গ্রহণ চলছে।

সরেজমিনে দেখা গেছে, দুটি কেন্দ্রের একটি পুরুষ ও অন্যটি নারী ভোটকেন্দ্র। বিকেলের দিকে নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল।

নারী ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা গোলাম মাওলা বলেন, তাঁর কেন্দ্রে মোট নারী ভোটার ৩ হাজার ৫০৭ জন। বেলা তিনটা পর্যন্ত ভোট দিয়েছেন ১ হাজার ৪৬৩ জন।

পুরুষ ভোটকেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬৮৮ জন। বেলা তিনটা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ১ হাজার ৬৮০টি বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা সাইদুর রহমান।

১৫: ৫৫, ১২ ফেব্রুয়ারী ২০২৬

নারী ও তরুণেরা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন: পাকিস্তানের পর্যবেক্ষক

পাকিস্তান নির্বাচন কমিশনের ডিজি নিঘাত সিদ্দিক। ছবি: পদ্মা ট্রিবিউন
পাকিস্তান নির্বাচন কমিশনের ডিজি নিঘাত সিদ্দিক। ছবি: পদ্মা ট্রিবিউন

 পাকিস্তান নির্বাচন কমিশনের ডিজি নিঘাত সিদ্দিক বলেছেন, ‘সকাল থেকে রাজধানীর পাঁচটা কেন্দ্র তিনি দেখেছেন। নারী–পুরুষের বুথ দেখেছেন। বাংলাদেশের নির্বাচন কমিশন চমৎকার ব‍্যবস্থাপনা করেছে। ভোট অনেক পড়ছে। অনেক তরুণ, অনেক নারী আর প্রবীণ ভোটারেরা ভোট দিচ্ছেন। তরুণেরা খুব আগ্রহ করে ভোট দিচ্ছেন। খুব ভালো পরিবেশ। খুব সৌহার্পূর্ণ। মানুষ খুব খুশি। পরিবর্তনের জন‍্য (হ‍্যাঁ-না) ভোটে খুব উৎসুক। মানুষ শান্তিতে ভোট দিচ্ছেন। বিপুল মানুষ অংশ নিচ্ছে।’

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বালক শাখায় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বিদেশি পর্যবেক্ষকদের দলে ছিলেন নিঘাত সিদ্দিক। দুপুর ১২টার দিকে তিনি এসব কথা বলেন।

১৫: ৪৩, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সিলেটে জাল ভোট দিতে গিয়ে দুই কিশোর আটক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাল ভোট দিতে গিয়ে দুই কিশোর আটক হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অপ্রাপ্তবয়স্ক দুই কিশোর জাল ভোট দিতে যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করে।

পুলিশ জানিয়েছে, আটক কিশোরেরা কোনো ভোট দিতে পারেনি। তারা বর্তমানে পুলিশের হেফাজতে আছে। 

১৫: ৩৭, ১২ ফেব্রুয়ারী ২০২৬

মাকে নিয়ে ভোট কেন্দ্রে জুবাইদা রহমান

মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে ভোট দেওয়ার জন্য নিয়ে এসেছেন জুবাইদা রহমান। ছবি: পদ্মা ট্রিবিউন
মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে ভোট দেওয়ার জন্য নিয়ে এসেছেন জুবাইদা রহমান। ছবি: পদ্মা ট্রিবিউন

দেশের ভেতর থেকে ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

১৫: ৩১, ১২ ফেব্রুয়ারী ২০২৬

৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট এসেছে: ইসি

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ছবি: পদ্মা ট্রিবিউন
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ছবি: পদ্মা ট্রিবিউন

দেশের ভেতর থেকে ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

১৫: ২৮, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভোলায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

 ভোলার বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জাব্বার কলেজ কেন্দ্র থেকে আব্দুল হালিম নামের একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে কলেজটির পুরুষ কেন্দ্রের ১ নম্বর বুথ থেকে তাঁকে আটক করা হয়।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. জুয়েল রানা বলেন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল হালিম এক ভোটারকে একসঙ্গে দুটি ব্যালট পেপার প্রদান করেন। বিষয়টি নজরে আসার পর তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া একই কেন্দ্রে ভোটকক্ষে মুঠোফোন নিয়ে প্রবেশ করে ছবি তোলার সময় এক ভোটারকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

ভোলা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মণ বলেন, ভোটারদের অভিযোগের ভিত্তিতে আব্দুল হালিমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে অন্য একজন কর্মকর্তাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে।

১৫: ২৪, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকার এক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, ভোট গ্রহণের গতি কিছুটা ধীর

রাজধানীর এ কে এম রহমতউল্লাহ কলেজ কেন্দ্রে নারী ভোটারদের সারি। ছবি: পদ্মা ট্রিবিউন
রাজধানীর এ কে এম রহমতউল্লাহ কলেজ কেন্দ্রে নারী ভোটারদের সারি। ছবি: পদ্মা ট্রিবিউন

 ঢাকা–১১ আসনের এ কে এম রহমতউল্লাহ কলেজ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। কেন্দ্রে ভোট দিতে আসা ভোটাররা বলেছেন, তাঁরা আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু এখনো ভোট দিতে পারেননি।

বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, পুরুষদের সারি তিনতলা সিঁড়ি ছাড়িয়ে দোতলা পর্যন্ত নেমে এসেছে। বেশি ভিড় ঠেকাতে নিচে মাঠে একটি সারি করা হয়। অপেক্ষারত ভোটার আব্বাস উদ্দিন বলেন, তিনি ৩০ মিনিট ধরে অপেক্ষা করছেন।

মো. জাহিদ নামে আরেক ভোটার বলেন, ভোট দেওয়ার অপেক্ষায় তিনিও ৩০ মিনিট ধরে সারিতে দাঁড়িয়ে আছেন। আরও কত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, বুঝতে পারছেন না। কারণ ভোটারদের সারি তিনতলা থেকে দোতলা পর্যন্ত নেমে গেছে।

৪০ থেকে ৪৫ মিনিট ধরে অপেক্ষায় থাকা ভোটার রাহাজউদ্দিন বলেন, তিনি শুনেছেন ব্যালট পেপার কীভাবে ভাঁজ করতে হবে, সেটা অনেকে বুঝতে পারছেন না, এ কারণে দেরি হচ্ছে।

কেন্দ্রটিতে নারী ভোটারদের সারিও ছিল দীর্ঘ। দোতলার বুথের সামনে ভোটাদের সারি দু ভাগ হয়ে গিয়েছিল। নিচতলায় ভোটারদের সারি মাঠ পর্যন্ত চলে এসেছিল।

ভোটের গতি ধীর কিনা জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুর রহমান বলেন, ভোটার অনেক বেশি। এ কারণে ভোটের সারি দীর্ঘ। অনেকে কীভাবে ব্যালট পেপার ভাঁজ করতে হবে তা বুঝতে পারছেন না, তাঁদের বুঝিয়ে দিতে হচ্ছে। এ কারণে সময় কিছুটা বেশি লেগেছে।

১৫: ১৮, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে একজনের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে রাজ্জাক মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের আগানগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

রাজ্জাক আগানগর দক্ষিণপাড়ার আলাল উদ্দিন মিয়ার ছেলে। তাঁর পরিবারের সদস্যরা বলেন, সকালে নাশতা খেয়ে ভোট দিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান রাজ্জাক মিয়া। বেলা ১১টার দিকে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে আসেন। পরে কেন্দ্র লাগোয়া আগানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খায়রুল ইসলামের বাড়িতে বসে ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি আসে। গাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নেমেই কেন্দ্রের বাইরে অবস্থান করা লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কয়েকজনকে লাঠিপেটা করেন। এ সময় দৌড়ে কেন্দ্র এলাকা থেকে চলে যাওয়ার চেষ্টা করছিলেন রাজ্জাক মিয়া। হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিশোর কুমার ধর বলেন, রাজ্জাক মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে আঘাতের আলামত পাওয়া যায়নি। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

এ বিষয়ে কথা বলতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

১৪: ০১, ১২ ফেব্রুয়ারী ২০২৬

খুলনায় ভোটকেন্দ্রে নেতার মৃত্যু, জামায়াতের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ বিএনপির

 খুলনার একটি ভোটকেন্দ্রে গিয়ে মহানগর বিএনপির নেতা মহিবুজ্জামান কচি (৬০) মারা গেছেন। সকাল ৯টার দিকে খুলনা আলিয়া মাদ্রাসার কেন্দ্রে এ ঘটনা ঘটে। মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।  বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

১৩: ৫৮, ১২ ফেব্রুয়ারী ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে 'ভুয়া’ ‘ভুয়া' স্লোগান, বের হলেন সেনাবাহিনীর হস্তক্ষেপে

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। ছবি: পদ্মা ট্রিবিউন
রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকা-৮ আসনের জামায়াত সমর্থিত এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভোটকেন্দ্রে তাঁকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে একদল ব্যক্তি। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁকে নিরাপদে কেন্দ্র থেকে সরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাটওয়ারী বহিরাগত নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। তখন কেন্দ্রে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। পরে একদল ব্যক্তি তাঁকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তেজনা বাড়লে তাঁকে লক্ষ্য করে ধাওয়া দেওয়ার চেষ্টা করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় ১০ মিনিটের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং সেনা পাহারায় পাটওয়ারীকে কেন্দ্র এলাকা থেকে বের করে নেওয়া হয়।

এ ঘটনায় বিএনপি-সমর্থিত কয়েকজন ভোটার অভিযোগ করেন, পাটওয়ারী বহিরাগত ১০০ থেকে ১৫০ জন লোক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছিলেন, যা শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করেছে। 

অবশ্য এ ঘটনায় পাটওয়ারী ও মির্জা আব্বাসের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি৷

১৩: ৪১, ১২ ফেব্রুয়ারী ২০২৬

কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ। ছবি: পদ্মা ট্রিবিউন
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ। ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল মেনে নেওয়া হবে না। আজ বৃহস্পতিবার দুপুরে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘এখন ১২টা ২৫ মিনিট। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্ত এবং ভালো আছে। তবে ভোটারের টার্ন আউট কম। আরও বেশি হওয়া উচিত ছিল।’

জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী- এমন প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস বলেন, ‘ইনশাআল্লাহ আমি ১০০ ভাগ আশাবাদী। তবে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল মেনে নেওয়া হবে না। ইঞ্জিনিয়ারিং যদি হয়, মানা হবে না। আমি ভোট কারচুপির, ইঞ্জিনিয়ারিংয়ের সমস্যা– বরাবরই আশঙ্কা করেছি, এখনও করছি।’

১৩: ৩০ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

নারীদের উপস্থিতি বেশ ভালো, এটা আশাব্যঞ্জক: অর্থ উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, ১২ ফেব্রুয়ারি ২০২৬। ছবি: পদ্মা ট্রিবিউন
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, ১২ ফেব্রুয়ারি ২০২৬। ছবি: পদ্মা ট্রিবিউন

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘কেন্দ্রে নারীদের উপস্থিতি বেশ ভালো। এটা খুবই আশাব্যঞ্জক। প্রত্যন্ত অঞ্চলের কিছু ঝামেলা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে।’

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘১৭ বছর পর আমি এখানে ভোট দিতে এসেছি। এটা অনেকটা রোমাঞ্চকর অনুভূতি।’

১৩: ১৯, ১২ ফেব্রুয়ারী ২০২৬

১২টা পর্যন্ত ৩২৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮% : ইসি সচিব

ছবি: পদ্মা ট্রিবিউন
ছবি: পদ্মা ট্রিবিউন

 দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়ার হার ৩২ দশমিক ৮৮ শতাংশ।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আজ দুপুরে সংবাদিকদের জানিয়েছেন এ কথা। 

১৩: ১২, ১২ ফেব্রুয়ারী ২০২৬

৯০ মিনিট খেলায় থাকুন, ভয় পাবেন না–মাথায় হাত দেবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবিটি বেলা পৌনে ১২টার দিকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন
ঢাকার শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবিটি বেলা পৌনে ১২টার দিকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘শাপলা কলিতে বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে। এ জন্য ভোট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা তাঁদের বলব ৯০ মিনিট খেলায় (ভোটকেন্দ্রে) থাকুন৷ ভয় পাবেন না, মাথায় হাত দেবেন না।’

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের এ কথা বলেন। এ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, ঢাকা-৮ আসনে শাপলা কলির ভূমিধস বিজয় হবে। তবে এ বিজয় নাসীরুদ্দীন পাটওয়ারীর নয়, এ বিজয় শহীদ ওসমান হাদি ভাইয়ের। অনেক ভোটার বলেছেন, শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি। তাঁর হত্যার বিচারটা আমাদের করতে হবে।’

জয়ী হলে সবাইকে নিয়ে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্ব বরদাশত করা হবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সমন্বয়ক বলেন, ‘জালেমদের আমরা বাংলার জমিন থেকে উচ্ছেদ করব এবং মজলুমদের অধিকার প্রতিষ্ঠা করব৷ এখানে কোনো নয়-ছয় নেই। যে যত প্রভাবশালীই হোক না কেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না৷’

সারা দেশে ১১-দলীয় জোটের প্রার্থীরা ভালো অবস্থানে আছেন বলেও দাবি করেন পাটওয়ারী। তাঁর ভাষ্য, এ ধারা অব্যাহত থাকলে জোট সরকার গঠন করবে।

এ সময় বিভিন্ন স্থানে তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগও করেন তিনি। পাটওয়ারী বলেন, হামলার আশঙ্কা থাকলে প্রশাসনকে জানাতে নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশাসন বা সেনাবাহিনীর উপস্থিতিতে কেউ আঘাত করলে ‘পাল্টা জবাব’ দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। 

১৩: ১০, ১২ ফেব্রুয়ারী ২০২৬

কেন্দ্রে লাইনে দাঁড়িয়েই হঠাৎ অসুস্থ, হাসপাতালে নিতে নিতে মৃত্যু ভোটারের

কেন্দ্রে অসুস্থ হয়ে মারা যান মো. মনু মিয়া।  ছবি: সংগৃহীত
কেন্দ্রে অসুস্থ হয়ে মারা যান মো. মনু মিয়া। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে কেন্দ্রে অসুস্থ হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. মনু মিয়া (৫৭)। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটে চট্টগ্রাম-৯ আসনের বাটালি রোডের কাজীর দেউড়ি পেয়ার মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। কেন্দ্রটি নগরের ব্যাটারি গলিতে অবস্থিত।

মো. মনু মিয়া একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। নগরের ব্যাটারি গলির মধুবন গলিতে তাঁর বাড়ি।

মৃতের বড় ছেলে মো. শাকিল ও চাচা ফজল কবির জানান, মনু মিয়া সকালে ভোট দিতে বাড়ি থেকে বের হন। ভোটারের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফজল কবির বলেন, ‘ভোট দেওয়ার খুব ইচ্ছা ছিল তাঁর। কিন্তু ভোট দেওয়ার আগেই তাঁর মৃত্যু হলো।’

১৩: ০২, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দুই ঘণ্টায় ভোট পড়েছে ৬ থেকে ১৩%

 রাজধানী ঢাকার পাঁচটি আসনের আটটি কেন্দ্রের তথ্য নিয়ে দেখা গেছে, প্রথম দুই ঘণ্টায় ভোট পড়ার হার ৬ থেকে ১৩ শতাংশ। ঢাকা ৬,১২, ১৩,১৪ ও ১৫ এই পাঁচটি আসনের আটটি কেন্দ্রের তথ্য এটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে যাওয়া শুরু করেন ভোটাররা। তবে অন্তত চারটি কেন্দ্রের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, একেকটি ভোট পড়তে সময় লাগছে দুই থেকে তিন মিনিট। তবে এটা সামগ্রিক চিত্র নয়।

প্রথমবার ভোট দিতে পেরে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যেমন ভোট দেওয়ার জন্য সকাল সাড়ে ৭টায় কেন্দ্রে চলে এসেছিলেন সাদিয়া আক্তার। পৌনে ৮টায় তিনি ভোট দেন। তাঁর সঙ্গে দেখা হয় আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১ আসনের কেন্দ্র এ কে এম রহমতউল্লাহ কলেজ কেন্দ্রে।

সাদিয়া এই কলেজেই পড়াশোনা করছেন। তিনি বলেন, প্রথমবার ভোট দিতে এসে খুবই ভালো লাগছে। ভোট কেন্দ্রে আসতে ও ভোট দিতে কোনো অসুবিধা হয়নি।

বেরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন ইন্নি আক্তার (২২)। স্বামীর কর্মস্থলের সুবাদে তিনি সাভারে থাকেন। বেরাইদে বাবা মা থাকেন। তিনি এখানেকার ভোটার। ইন্নি বলেন, ' আমার যে কী ভালো লাগছে। ভোট দেওয়ার জন্য সাভার থেকে এসেছি দুই দিন আগে। প্রথমবার ভোট দিচ্ছি। আমার ভোট আমি দিচ্ছি। ভোট জালিয়াতি হচ্ছে না।'

ভোট পড়ার হার
ঢাকা-১৫ আসনের বিজয় ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে মোট ৩০০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই স্কুলের দক্ষিণ পাশের ভবনের চারটি বুথে মোট ভোটার ২ হাজার ২০০ জন। সকাল ১০টা পর্যন্ত প্রায় ১৩ দশমিক ৬৩ শতাংশ ভোট পড়েছে।

এই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান এই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ভোটগ্রহণ কেন্দ্রটিতে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা সমস্যা সৃষ্টি হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

ভোটকেন্দ্রটিতে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিও আছে। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী—বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এজেন্টরা উপস্থিত থেকে ভোট পর্যবেক্ষণ করছেন।

এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের আমির শফিকুর রহমান ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান।

ঢাকা-১২ আসনের নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের ৪৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ওয়ালী উল্লাহ বলেন, প্রথম দুই ঘণ্টায় ৮ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৫৪ টি। দুই ঘণ্টায় ভোট পড়েছে ২২৫ টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে তিনটি কেন্দ্র আছে। এর একটি কেন্দ্র নারীদের জন্য ৷ সেখানে নারী ভোটার রয়েছেন ২ হাজার ৫৬৫ জন। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ হেলালউদ্দীন বলেন, নারী ভোটারদের এই কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ১৭২টি ভোট পড়েছে। অর্থাৎ প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭ শতাংশ৷

এই কলেজ থাকা আরেকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, কেন্দ্রটিতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ভোটার ৷ এখানে ১ হাজার ৪২৬ জন ভোটারের মধ্যে প্রথম দুই ঘণ্টায় ১৮০ জন ভোট দিয়েছেন। অর্থাৎ ভোট পড়েছে ১২ দশমিক ৬২ শতাংশ।

একই আসনের বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৬ হাজার ৭৩৭ জন। প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৪৬০টি (নারী ২০১, পুরুষ ২৫৯)। ভোট পড়ার হার ৭ শতাংশের কিছু কম।

ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজের দুটি কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ৭ দশমিক ১৪ শতাংশ ভোট পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।


সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে একটি নারী ও একটি পুরুষ কেন্দ্র রয়েছে। দুটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৯৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৬৪০ এবং নারী ২ হাজার ৩৫৩ জন। দুই কেন্দ্রে বুথ সংখ্যা ১০টি (পাঁচটি নারী, পাঁচটি পুরুষ)।

পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রথম দুই ঘণ্টায় পুরুষ কেন্দ্রে ২ হাজার ৬৪০ জনের মধ্যে ২০০ জন ভোট দিয়েছেন। ভোটগ্রহণের হার ৭ দশমিক ৫৭ শতাংশ।

অন্যদিকে নারী ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাদল মিয়া বলেন, প্রথম দুই ঘণ্টায় ১৫৮ জন ভোট দিয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩৫৩ জন। ভোট প্রদানের হার ৬ দশমিক ৭১ শতাংশ।

ঢাকা ১৪ আসনের বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্রথম ২ ঘণ্টায় মোট ৩৪৪টি ভোট পড়েছে। সেখানে ভোটার ২ হাজার ৭৯৯ জন। ভোট পড়ার হার ১২ দশমিক ২৯ শতাংশ।

১২: ৪৪ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

নির্ভয়ে বাসা থেকে বেরিয়ে ভোট দিতে যান: ভোটারদের সেনাবাহিনী প্রধান

সিলেটের শারদা স্মৃতি ভবন ভোটকেন্দ্রে ভোটারদের সারি। আজ বৃহস্পতিবার। ছবি: পদ্মা ট্রিবিউন
সিলেটের শারদা স্মৃতি ভবন ভোটকেন্দ্রে ভোটারদের সারি। আজ বৃহস্পতিবার। ছবি: পদ্মা ট্রিবিউন

সিলেটের ছয়টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

১২: ৪৪ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

নির্ভয়ে বাসা থেকে বেরিয়ে ভোট দিতে যান: ভোটারদের সেনাবাহিনী প্রধান

রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন সেনাপ্রধান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: পদ্মা ট্রিবিউন
রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন সেনাপ্রধান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: পদ্মা ট্রিবিউন

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘সবাইকে অনুরোধ করব, সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং ভোট দেবেন।’

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পরে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন সেনাপ্রধান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

১২: ৩৬, ১২ ফেব্রুয়ারী ২০২৬

'আধা ঘণ্টা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, এখনো ভোট দিতে পারিনি'

ছবি: পদ্মা ট্রিবিউন
ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর মান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর সাড়ে ১২টায় নারী ভোটারদের তীব্র রোদ উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর মধ্যে ভোটার জহুরা আক্তার বলেন, আধা ঘন্টা ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, এখনো ভোট দিতে পারিনি। তবে জীবনে প্রথম ভোট দিতে এসেছি, এই জন্য তেমন কষ্ট হচ্ছে না। তিনি বলেন, ‘ভেবেছি দুপুরের দিকে আসলে ভীড় কম থাকবে, তাই সকালে আসিনি। এখন এসে দেখি দীর্ঘ লাইন। আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনো ভোট দিতে পারিনি।’

তবে দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থাকলেও কোন বিরক্তি নেই বলে উল্লেখ করে জহুরা আক্তার বলেন, 'প্রথম ভোট দিচ্ছি। তাই রোদে একটু কষ্ট হলেও বিরক্তি নেই। আমরা চাই যাকে ভোট দিবো সে যেন বিজয়ী হয়।'

১১: ৪৫, ১২ ফেব্রুয়ারী ২০২৬

দেশের কোথাও ভোটারদের লম্বা লাইন, কোথাও ধীর উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ চলছে। অনেক স্থানে ভোট শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপচে পড়া ভিড় দেখা গেছে। কোথাও আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বেড়েছে। এ পর্যন্ত কোথাও থেকে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন। বিস্তারিত পড়ুন এখানে

১১: ২৯, ১২ ফেব্রুয়ারী ২০২৬

গোপালগঞ্জে ককটেল নিক্ষেপ

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ। ছবি: পদ্মা ট্রিবিউন
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ। ছবি: পদ্মা ট্রিবিউন

গোপালগঞ্জ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকাল থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে দায়িত্বরত দুই আনসার সদস্য এবং একজন ভোটারের সঙ্গে আসা শিশু আহত হয়। বিস্ফোরণের শব্দে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতেরা হলেন আনসার সদস্য সুকন্ঠ মজুমদার ও জামাল হোসেন এবং পৌরসভার আরামবাগ এলাকার আসশাফ আলির মেয়ে আমেনা খানম (১৪)। তাদের স্থানীয় ক্লিনিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ঘটনায় ভোটকেন্দ্রের মূল ফটক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনার পর কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

১১: ১২ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

পোলিং এজেন্টদের থেকে বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার

রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনে এসেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ছবিটি সকালে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন
রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনে এসেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ছবিটি সকালে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকা -৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নানা অজুহাতে তাঁর পোলিং এজেন্টদের প্রিসাইডিং অফিসার ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন। এটা তো গ্রহণযোগ্য না বলে তিনি মন্তব্য করেছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ অভিযোগ এনেছেন।

তাসনিম জারা বলেন, বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এসব অজুহাত তৈরি করা হচ্ছে। কাউকে বলা হচ্ছে, ওরা তো এখানকার ভোটার না। এটা তো নিয়ম না। তারপর পুরুষ কেন্দ্রে নারী এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। তারপর বলা হচ্ছে ফোন নিয়ে ঢোকা যাবে না। কিম্বা ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করা যাবে না।

এনসিপি থেকে বের হয়ে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত তাসনিম জারা বলেন, আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। অথচ মানুষ ভেতরে ভোট দিচ্ছে। এটা তো গ্রহণযোগ্য না। 

১০: ৪৪ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা  মুহাম্মদ ইউনূস। ছবি: প্রেস উইং
রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: প্রেস উইং

রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভোট দেওেয়ার পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন। প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি। আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।’

ভোট দেওয়ার পরে মেয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: প্রেস উইং
ভোট দেওয়ার পরে মেয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।। ছবি: প্রেস উইং

১০: ৩৬, ১২ ফেব্রুয়ারী ২০২৬

দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে, অবশ্যই গন্তব্যে পৌঁছাবে: সিইসি

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। ছবিটি সকাল সাড়ে নয়টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। ছবিটি সকাল সাড়ে নয়টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন

দেশ গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সিইসি বলেন, আমরা জাতির কাছে ওয়াদা করেছিলাম একটি উৎসবমুখর পরিবেশের ভোট জাতিকে উপহার দিব। এই কয়দিনে ঈদের সময়ের মত মানুষ ট্রেনে বাসে লঞ্চে করে উৎসবমুখর পরিবেশে গ্রামেগঞ্জে চলে গেছে ভোট দেওয়ার জন্য। গ্রামেগঞ্জে মানুষ উৎসবের আমেজে ভোট দিচ্ছে। অনেকদিন পর উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে ভোট দিতে পেরে তারাও উদ্বেলিত। আমি বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে এখন পর্যন্ত যা জানতে পেরেছি সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দু-একটি জায়গায় ভোট কেন্দ্রের বাইরে কিছু গোলমাল হলেও তাৎক্ষণিকভাবে সেগুলোর সমাধান করা হয়েছে।

১০: ১৭ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভোট দিলেন তারেক রহমান

রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: বিএনপির ফেসবুক পেজ
রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: বিএনপির ফেসবুক পেজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান ২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

তারেক রহমান ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। এই আসনেই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের অবস্থান।

সকাল সাড়ে ৯টার দিকে তারেক রহমান কেন্দ্রে প্রবেশ করেন। ভোট দিয়ে বেরিয়ে এসে পৌনে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 

ইসির তথ্য অনুযায়ী, ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৭ হাজার ৮৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ১১৬ জন। আর নারী ভোটার ১ লাখ ৫৭ হাজার ৭৭৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। মোট ভোটকেন্দ্র ১২৪।

এ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর স ম খালিদুজ্জামান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির (জাপা) আতিক আহমেদ (লাঙ্গল), জাতীয় পার্টির (জেপি) তপু রায়হান (বাইসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ উল্যাহ (হাতপাখা), বাংলাদেশ জাতীয় পার্টির কামরুল হাসান নাসিম (কাঁঠাল) ও স্বতন্ত্র প্রার্থী মো.আনিসুজ্জামান খোকন (ময়ূর)।

১০: ২৪, ১২ ফেব্রুয়ারী ২০২৬

বাগেরহাটে দিনের শুরুতে ভোটদানে সময় লেগেছে ২-৪ মিনিট, ধীরে ধীরে তা কমছে

বাগেরহাটে সকাল সকাল ভোটকেন্দ্রে উপস্থিত হন এসব ভোটারেরা। আজ সকালে শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে। ছবি: পদ্মা ট্রিবিউন
বাগেরহাটে সকাল সকাল ভোটকেন্দ্রে উপস্থিত হন এসব ভোটারেরা। আজ সকালে শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে। ছবি: পদ্মা ট্রিবিউন

 বাগেরহাটের ৫৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হলেও এর আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়। নারী ও পুরুষ ভোটাররা আলাদা লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে প্রবেশ করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শুরুতে ভোটদানে বেশি সময় লাগলেও ধীরে ধীরে তা কমছে।

সকাল থেকে বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫০ জন। এর মধ্যে নারী ভোটার ১ হাজার ৮৪ জন এবং পুরুষ ভোটার ৯৬৬ জন। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, এখানে দুটি পুরুষ ও দুটি নারী কক্ষ মিলিয়ে মোট চারটি কক্ষে ভোট গ্রহণ চলছে। প্রতিটি কক্ষে দুটি করে গোপন কক্ষ রাখা হয়েছে, যাতে দ্রুত ভোট গ্রহণ সম্পন্ন করা যায়।

নারী ভোটারদের ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে ব্যালট নিয়ে গোপন কক্ষে ভোট দিয়ে ব্যালট বাক্সে ফেলতে একজন ভোটারের ২ থেকে ৪ মিনিট সময় লাগছে। অন্যদিকে পুরুষ ভোটারদের ক্ষেত্রে সময় লাগছে ১ থেকে ৩ মিনিট। সকাল পৌনে নয়টার দিকে পুরুষ ভোটারদের লাইনে মাত্র ছয়জনকে দেখা যায়। তবে একই সময়ে নারীদের দুটি লাইনে ৩০ জনের বেশি ভোটার উপস্থিত ছিলেন। এই কেন্দ্রে প্রথম ১ ঘণ্টা ১৫ মিনিটে মোট ২১০ জন ভোট দেন। এর মধ্যে ৯১ জন নারী এবং ১১৯ জন পুরুষ ভোটার।

শুরুতে একজন ভোটারকে ভোট দিতে ৩ থেকে ৪ মিনিট সময় লাগলেও এখন গড়ে প্রতি দেড় থেকে দুই মিনিটে একজন ভোটার ভোট দিচ্ছেন বলে জানা গেছে।

সকাল সাড়ে সাতটার পর খানজাহান আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেন বাগেরহাট-২ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ভোটের পরিবেশ ভালো। সকাল আটটার কিছু পর সদর উপজেলার সিংড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বাগেরহাট-২ আসনে জামায়াত–মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করলেও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোটদান শেষে তিনি অভিযোগ করেন, তাঁর এজেন্টদের কয়েকটি কেন্দ্র থেকে বের দেওয়ার পাশাপাশি হুমকি দিয়েছেন বিএনপির প্রার্থীর নেতা–কর্মীরা।

বাগেরহাটের চারটি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাগেরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম এবং বাগেরহাট-৪ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে চারটি আসনে কার্যত ২১ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

বাগেরহাটের ৯টি উপজেলায় মোট ভোটার ১৩ লাখ ৬১ হাজার ১১১ জন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, আনসারসহ ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হবে।

১০: ২২, ১২ ফেব্রুয়ারী ২০২৬

প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকে জয়ী হতে দেব না: ভোট দিয়ে সারজিস

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন ১১–দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: পদ্মা ট্রিবিউন
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন ১১–দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: পদ্মা ট্রিবিউন

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন পঞ্চগড়-১ আসনে ১১–দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।

ভোটকেন্দ্রে এসে প্রথম দিকে লাইনের পেছনে দাঁড়ান সারজিস। এ সময় ওই সারিতে সামনে অন্তত ১০০ জন ভোটার দাঁড়িয়েছিলেন। প্রায় ১০ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর ভোটারদের সম্মতিতে তিনি ভোটকক্ষে গিয়ে ভোট দেন।

ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সারজিস আলম বলেন, ‘কয়েক দিন ধরেই বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সহনশীল আচরণ। কেবল তো ভোট শুরু হলো, বিকেল পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হলে কোথাও কোনো অভিযোগ না উঠলে জনগণের মতামত মেনে নেওয়ার মানসিকতা আমাদের আছে। তবে কেউ যদি পেশিশক্তির প্রভাব খাটিয়ে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সে ক্ষেত্রে আমরা প্রথমে প্রশাসনের ওপর আস্থা রাখতে চাই। তারা এতে ব্যর্থ হলে ভোটকে কোনোভাবে প্রভাবিত করে আমরা কাউকে জয়ী হতে দেব না। আমরা চাই ভোট নেওয়ার ক্ষেত্রে যাঁরা কাজ করছেন, তাঁরা তাঁদের জায়গা থেকে পেশাদারত্বের পরিচয় দেবেন। আমরা চাই না কারও বিরুদ্ধে অভিযোগ করতে।’

১০: ১৫, ১২ ফেব্রুয়ারী ২০২৬

নিজের তিন কর্মীকে বিনা দোষে আটকের অভিযোগ রুমিন ফারহানার

ভোট দিচ্ছেন রুমিন ফারহানা। ছবি: পদ্মা ট্রিবিউন
ভোট দিচ্ছেন রুমিন ফারহানা। ছবি: পদ্মা ট্রিবিউন

নিজের দুই কর্মীকে বিনা দোষে আটকের অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িযা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি আরও অভিযোগ করেছেন, নয়টি ভোটকেন্দ্রে তাঁর এজেন্টদের বের করে দেওয়ার হয়েছে।

আজ সকাল ৯টা ১৫ মিনিটে শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুমিন ফারহানা নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব অভিযোগ করেন।

ভোট কেমন হচ্ছে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ভোট শুরু হয়েছে দুই ঘণ্টা হয়েছে। সারা দিনের ভোট বাকি। ফলে এখনই বলা যাবে না। তিনি অভিযোগ করে বলেন, আমার তিনজন কর্মীকে বিনা দোষে আটক করা হয়েছে। এ ছাড়া নয়টি ভোটকেন্দ্রে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বিষয়টি আমি পুলিশ আর্মি ও প্রশাসনকে জানিয়েছি।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাত ১ টার পর আশুগঞ্জ উপজেলার নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে আনোয়ার হোসেন মৃধা ও নূর আলমকে আটক করে পুলিশ। আর গত রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর আছিয়া সফিউদ্দীন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে যুবদলের বহিষ্কৃত নেতা নাছির মুন্সিকে আটক করে পুলিশ। তারা তিনজন রুমিন ফারহানার পক্ষের কর্মী।

জানতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুর কাদের ভূইয়া বলেন, ভোট কেন্দ্রে নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা গত রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ান।

১০: ০৫, ১২ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীর একটি কেন্দ্রের চিত্র: ভোট দিতে গড়ে প্রায় পৌনে ৩ মিনিট লাগছে

রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একটি পুরুষ কেন্দ্রে ভোট দিতে এসেছেন এই ব্যক্তি। ছবিটি সকাল সোয়া আটটার দিকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন
রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একটি পুরুষ কেন্দ্রে ভোট দিতে এসেছেন এই ব্যক্তি। ছবিটি সকাল সোয়া আটটার দিকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন

সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে ব্যালট পেপারে স্বাক্ষর দেওয়া থেকে শুরু করে গোপন কক্ষে ভোট দিয়ে তা বক্সে জমা দেওয়া—এই প্রক্রিয়া শেষ করতে একজন ভোটারের সময় লাগছে গড়ে প্রায় পৌনে তিন মিনিট। আর গোপন কক্ষে প্রবেশ থেকে ব্যালট বক্সে ভোট জমা দেওয়া—এই প্রক্রিয়ায় একজন ভোটারের গড়ে দেড় মিনিটের কিছু বেশি সময় লাগছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ হচ্ছে। সকালে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একটি পুরুষ কেন্দ্রের ভোটারদের ভোট দেওয়ার সময় বিশ্লেষণ করে উল্লিখিত তথ্য পাওয়া গেছে।

একই কেন্দ্রে ভোট দিতে আসা কিছু ভোটারের মধ্যে গণভোট নিয়ে বিভ্রান্তি দেখা গেছে। গণভোটের ব্যালটটা কীসের, সেটা দিয়ে কী করবেন, কোথায় ভোট দিতে হবে—এমন প্রশ্নও কিছু ভোটারকে করতে দেখা গেছে। গণভোট নিয়ে এই বিভ্রান্তির প্রভাব ভোটকেন্দ্রে সময় ব্যয়ের ওপর পড়ছে বলে জানালেন কিছু ভোটার।

এদিকে ঢাকা ১৪ আসনে বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট ৩৪৪টি ভোট পড়েছে। মোট ভোটার ২ হাজার ৭৯৯ জন। শতাংশের হিসেবে এটি ১২ দশমি ২৯।

১০: ০২ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভোট দিলেন জুবাইদা রহমান

ছবি: পদ্মা ট্রিবিউন
ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ভোট দিয়েছেন। তিনি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। ছবিটি সকাল পৌনে ১০টার দিকে তোলা

০৯: ৫৯, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভোট দিলেন নুরুল হক নুর

ছবি: পদ্মা ট্রিবিউন
ছবি: পদ্মা ট্রিবিউন

পটুয়াখালী-৩ আসনের প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

০৯: ৫৭, ১২ ফেব্রুয়ারী ২০২৬

‘প্রথমবার ভোট দিতে এসেছি, খুব ভালো লাগছে’

‘প্রথমবার ভোট দিতে এসেছি, খুব ভালো লাগছে। এবার দুটি ভোট। একটি হচ্ছে হ্যাঁ ও না। আরেকটি হচ্ছে সংসদ নির্বাচনের।’

ভোটের লাইনে দাঁড়িয়ে কথাগুলো বললেন প্রথমবার ভোট দিতে আসা ফাতেমা ও তানিয়া। তখন সকাল আটটা ছুঁইছুঁই। বিস্তারিত দেখুন এখানে

০৯: ৫৫, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ধানমন্ডির কেন্দ্রে ভোটার তালিকায় কয়েকজনের নাম–ছবি মিলছে না, ভোগান্তি

রাজধানীর ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয়ের একটি নারী কেন্দ্রে ভোটার নম্বরের সঙ্গে নাম ও ছবি না মেলার কারণে ভোগান্তির সৃষ্টি হয়েছে। কয়েকজন ভোটার এমন ভোগান্তির কথা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার মধ্যে এ রকম ভোগান্তিতে পড়ে আটজন কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তার কাছে যান। কিন্তু সমাধান দিতে পারেননি প্রিসাইডিং কর্মকর্তা। বিস্তারিত পড়ুন এখানে

০৯: ৪৮, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ফয়জুল করীম রূপাতলী কেন্দ্রে ভোট দেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও বরিশাল–৫ আসনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ভোট দেন।রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, বরিশাল। ছবিটি ৮ টা ৩৮ মিনিটের দিকে তোলা । ছবি: পদ্মা ট্রিবিউন
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও বরিশাল–৫ আসনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ভোট দেন।রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, বরিশাল। ছবিটি ৮ টা ৩৮ মিনিটের দিকে তোলা । ছবি: পদ্মা ট্রিবিউন

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও বরিশাল–৫ আসনে দলের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল নগরের রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট দেন।

০৯: ৪৪, ১২ ফেব্রুয়ারী ২০২৬

মোহাম্মদপুর সরকারি কলেজ কেন্দ্রে অনিয়মের অভিযোগ ববি হাজ্জাজের

ছবি: ভিডিও থেকে নেওয়া
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজ কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছেন ঢাকা–১৩ আসনের বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। তিনি বলেন, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যে কেন্দ্র দেখাচ্ছে ভোটকেন্দ্রে গিয়ে দেখা যাচ্ছে তা ভুল। প্রিজাইডিং অফিসাররা বয়স্ক লোকদের অন্য কেন্দ্রে যেতে বলছেন। অন্য কেন্দ্রে তাঁরা কেন যাবেন। তাঁরা তো দেখে শুনে কেন্দ্রে এসেছেন।

০৯: ৪২, ১২ ফেব্রুয়ারী ২০২৬

যাত্রাবাড়ীর ৫ ভোট কেন্দ্রে প্রথম ঘন্টায় ৫.৪২ শতাংশ ভোট

রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল আন্ড কলেজের পাঁচটি ভোট কেন্দ্রে প্রথম এক ঘন্টায় ৫ দশমিক ৪২ শতাংশ ভোট পড়েছে। এখানে মোট ভোটার ১৪ হাজার ৭৪ জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে পাঁচজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল আন্ড কলেজের এই কেন্দ্রে চারটি পুরুষ ও একটি নারী কেন্দ্র রয়েছে।

পুরুষ ৩১ নাম্বার ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার অধ্যাপক মহসিন আলম বলেন, ৩ হাজার ৫১২ জন ভোটার রয়েছে। প্রথম এক ঘন্টায় ভোট পড়েছে ২০৫টি।

সরেজমিনে ভোট কেন্দ্রে গিয়ে প্রথম আলোর নুরুল আমিন ও রিশাদ মাহমুদ খান দেখেছেন, প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরা রয়েছে। প্রিজাইডিং অফিসাররা তাদের কক্ষে বসে সেটা নজরদারি করছেন। সবগুলো বুথে বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা) এজেন্ট বা প্রতিনিধি রয়েছেন। তবে কয়েকটি বুথে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইবরাহীম (হাতপাখা), বাংলাদেশ লেবার পার্টির মো. গোলাম আজম (আনারস), এজেন্ট দেখা যায়নি। ভোট কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। পুলিশ সদস্যদের সঙ্গে বডি -ওন ক্যামেরা রয়েছে। সকালের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও এখন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেড়েছে।

অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আব্দুল মান্নান এবারই প্রথম ভোট দিলেন। তিনি বলেন, জীবনে প্রথম ভোট দিয়ে লাগছে। ভোট দিতে কোনো সমস্যা হয়নি।

০৯: ২৫, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ

সকালে ভোটার সারিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ । ছবি: পদ্মা ট্রিবিউন
সকালে ভোটার সারিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। ছবি: পদ্মা ট্রিবিউন

 কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকাল আটটার দিকে তিনি ভোটার সারিতে দাঁড়ান।


০৯: ২০, ১২ ফেব্রুয়ারী ২০২৬

প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত রাহাতুল

রাহাতুল ইসলাম । ছবি: পদ্মা ট্রিবিউন
রাহাতুল ইসলাম । ছবি: পদ্মা ট্রিবিউন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর মালেক চৌধুরী মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের সামনে তখন ভোটারদের ভিড়। ভিড়ের মধ্যেই একটু উত্তেজনা, একটু কৌতূহল আর অনেকটা গর্ব নিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন তরুণ ভোটার রাহাতুল ইসলাম। এবারের জাতীয় নির্বাচনেই প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।

উপজেলার আন্দারমানিক এলাকার তরুণ ভোটার রাহাতুল ইসলাম বললেন, ‘ভোট দেওয়ার বয়স হওয়ার পর থেকেই অপেক্ষা করছিলাম এই দিনের জন্য। এবারই প্রথম ভোট দিলাম। শুধু প্রার্থীকে ভোট দেওয়া নয়, গণভোটে নিজের মত দেওয়ার সুযোগও পেয়েছি। মনে হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তে আমারও অংশ আছে।’

ভোরে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের সঙ্গে কেন্দ্রে আসেন রাহাতুল ইসলাম। নতুন ভোটার হিসেবে ভোটকেন্দ্রের পরিবেশ তাঁর কাছে ছিল বেশ অন্যরকম অভিজ্ঞতা। কেন্দ্রে প্রবেশের আগে নিরাপত্তা ব্যবস্থা, ভোটার তালিকা যাচাই, ব্যালট পেপার হাতে পাওয়া—সবকিছুই তাঁর কাছে ছিল নতুন, কিন্তু আনন্দের।

ভোট দিয়ে বের হয়ে হাসিমুখে রাহাতুল বলেন, ‘আমি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে। তরুণদের আরও বেশি করে ভোট দিতে আসা উচিত। আমাদের ভবিষ্যৎ তো আমাদেরই ঠিক করতে হবে।’

গাজীপুর-১ আসন থেকে বিএনপির দলীয় প্রার্থী মো. মজিবুর রহমান, জামায়াতে ইসলামীর শাহ্‌ আলম বকশীসহ এই আসন থেকে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

০৯: ০৫, ১২ ফেব্রুয়ারী ২০২৬

শান্তিপূর্ণভাবেই চলছে ভোট

ভোট দেওয়ার পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করছেন তাঁরা। সকাল নয়টার দিকে রাজধানীর কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন
ভোট দেওয়ার পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করছেন তাঁরা। সকাল নয়টার দিকে রাজধানীর কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন

সারা দেশে কড়া নিরাপত্তায় প্রথম ঘণ্টার ভোটগ্রহণ হয়েছে। দেশের কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। শান্তিপূর্ণভাবেই চলছে ভোট। এরসঙ্গে চলছে গণভোটও।

ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করছেন এই ভোটার। সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র থেকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন
ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করছেন এই ভোটার। সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র থেকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন

সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ভোট দেন। তিনি বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী। তিনি দুই ছেলেকে নিয়ে বিশ্বনাথ উপজেলার ৩৪ নম্বর রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। ছবি: পদ্মা ট্রিবিউন
সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ভোট দেন। তিনি বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী। তিনি দুই ছেলেকে নিয়ে বিশ্বনাথ উপজেলার ৩৪ নম্বর রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। ছবি: পদ্মা ট্রিবিউন

০৮: ৫২, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভোট দিলেন জামায়াত আমির

রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবিটি সকাল পৌনে নয়টার দিকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন
রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবিটি সকাল পৌনে নয়টার দিকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর ‎মিরপুর-২ নম্বর এলাকায় মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঢাকা-১৫ সংসদীয় আসনে নির্বাচন করছেন তিনি। ভোট দিয়ে তিনি বলেছেন, এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক বাংলাদেশে। 

‎ভোট দেওয়ার পর গণমাধ্যম কর্মীদের শফিকুর রহমান বলেন, ২০১৪ সাল, ২০১৮ সালে, ২০২৪ সালে জেলেই ছিলাম। তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের শুরু হোক দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, দেশের যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই আজকের এই ভোটটার জন্য তাঁরা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ, সুষ্ঠ, সংঘাতমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক সেটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে এমন সরকার গঠন হোক যে কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, হবে ১৮ কোটি মানুষের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশা করি। আজকে ভোট দিয়ে শুরু করলাম। অনান্য কেন্দ্রেও যাব।

শফিকুর রহমান ‎বলেন, ‎‘এই দেশটা গড়তে হবে সকলে মিলে। দেশ গড়ার কাজে আমরা গণমাধ্যমকে আমাদের পাশে চাই। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক সেটা আমরা কখনোই চাই না। ভোট যখন সুষ্ঠ হবে, নিরপেক্ষ হবে সেটা আমরাও মানব আপনাদেরও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণমাধ্যম একই নিউজ ভিন্নভাবে পরিবেশন করে। কেউ যদি অপরাধ করে থাকে, সেটা আমি হলেও আমি অপরাধের বিপক্ষে। কিন্তু অপরাধ নয় সেটাকে আবার জোর করে অপরাধ বানানো সেটা আরেকটা বড় অপরাধ।’

রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

০৮: ৩৭ , ১২ ফেব্রুয়ারী ২০২৬

গোলাম পরওয়ার ভোট দিলেন

পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: পদ্মা ট্রিবিউন
পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: পদ্মা ট্রিবিউন

পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটটি দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ভোটকেন্দ্রে মাকে জড়িয়ে ধরেন মিয়া গোলাম পরওয়ার।

০৮: ৩৪, ১২ ফেব্রুয়ারী ২০২৬

নাহিদ ইসলাম ভোট দিয়েছেন

রাজধানীর বেরাইদ এলাকার এ কে এম রহমতুল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবিটি সকাল আটটার দিকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন
রাজধানীর বেরাইদ এলাকার এ কে এম রহমতুল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবিটি সকাল আটটার দিকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকা-১১ আসনের ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টা নাগাদ রাজধানীর বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে বাড্ডা এ. কে. এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে এ আসেন তিনি।

০৮: ০৮, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষক

ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর সিটি কলেজের সামনে ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকেরা। ছবিটি সকাল আটটার দিকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন
ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর সিটি কলেজের সামনে ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকেরা। ছবিটি সকাল আটটার দিকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন

০৮: ১৬, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভোট দিলেন মির্জা ফখরুল ইসলাম

ছবি: পদ্মা ট্রিবিউন
ছবি: পদ্মা ট্রিবিউন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার পর মির্জা ফখরুল ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছান। এরপর তিনি ভোটকক্ষে প্রবেশ করেন, তারপর ভোট দেন। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। 

০৮: ০৮, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষক

ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর সিটি কলেজের সামনে ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকেরা। ছবিটি সকাল আটটার দিকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন
ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর সিটি কলেজের সামনে ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকেরা। ছবিটি সকাল আটটার দিকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন

০৮: ০৭, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে আচরণবিধি লঙ্ঘন, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় একটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখকে প্রত্যাহার করা হয়েছে।

০৮: ০২, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে

১৩তম জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। এ আসনে মোট ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। এ ছাড়া সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে। এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। 

০৭: ৫৪, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভোর থেকে কেন্দ্রমুখী ভোটারেরা

রাজধানীর বেরাইদের একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের সামনে লোকজন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে। ভোর থেকে কেন্দ্রমুখী ভোটারেরা। ছবি: পদ্মা ট্রিবিউন
রাজধানীর বেরাইদের একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের সামনে লোকজন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে। ভোর থেকে কেন্দ্রমুখী ভোটারেরা। ছবি: পদ্মা ট্রিবিউন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে আজ বৃহস্পতিবার ভোর থেকে কেন্দ্রে আসতে শুরু করেন ভোটারেরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বাইরে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি।

রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা ১১ আসনের কয়েকটি কেন্দ্র ভোর থেকে ঘুরে এমন চিত্র দেখা যায়।

এই আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য–সমর্থিত প্রার্থী নাহিদ ইসলাম, তাঁর প্রতীক শাপলা কলি। এ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ।

কেন্দ্রের ভেতর ভোট দেওয়ার অপেক্ষায় একজন ভোটার। সকাল পৌনে আটটা, এ কে এম রহমতুল্লাহ কলেজ, ঢাকা । ছবি: পদ্মা ট্রিবিউন
কেন্দ্রের ভেতর ভোট দেওয়ার অপেক্ষায় একজন ভোটার। সকাল পৌনে আটটা, এ কে এম রহমতুল্লাহ কলেজ, ঢাকা । ছবি: পদ্মা ট্রিবিউন

০৭:৩০, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ভোটগ্রহণ শুরু, লাইনে ভোটারেরা

রাজধানীর খিলগাঁও মডেল কলেজে ভোটারের লাইনে। ছবিটি সকাল ৭টার দিকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন
রাজধানীর খিলগাঁও মডেল কলেজে ভোটারের লাইনে। ছবিটি সকাল ৭টার দিকে তোলা। ছবি: পদ্মা ট্রিবিউন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৭টা থেকে।

২৯৯টি আসনে নির্বাচন হচ্ছে আজ। শেরপুর–৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনটিতে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।

প্রথম আলোর প্রতিবেদকেরা বিভিন্ন কেন্দ্র থেকে জানিয়েছেন, সকাল থেকেই ভোটারেরা লাইনে দাঁড়িয়েছেন ভোট দিতে। কেন্দ্রগুলোতে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা দিচ্ছেন।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। তবে সাড়ে চারটার সময় লাইনে দাঁড়ানো ভোটারদের ভোট নেওয়া হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার ভোট দেবেন।

এই নির্বাচনে অংশগ্রহণকারী দল ৫০ (ইসিতে নিবন্ধিত)। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী: ২৭৩ জন।


বিটিসিএল আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি। সকাল সোয়া সাতটায়, বেতার প্রেরণ কেন্দ্র, মহাখালী। ছবি: পদ্মা ট্রিবিউন
বিটিসিএল আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি। সকাল সোয়া সাতটায়, বেতার প্রেরণ কেন্দ্র, মহাখালী। ছবি: পদ্মা ট্রিবিউন

০৭: ১০, ১২ ফেব্রুয়ারী ২০২৬

জোটগ্রহণ শুরুর অপেক্ষা

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্রে সময়ের আগে ভোটারেরা লাইন ধরে অপেক্ষায় আছেন। ছবি: পদ্মা ট্রিবিউন
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্রে সময়ের আগে ভোটারেরা লাইন ধরে অপেক্ষায় আছেন।ছবি: পদ্মা ট্রিবিউন

সবাইকে স্বাগত ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে পদ্মা ট্রিবিউন লাইভে ব্লগে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশে ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়। আমাদের প্রতিবেদকেরা বিভিন্ন কেন্দ্র থেকে জানিয়েছেন, ভোটগ্রহণের প্রস্তুতি শেষের পথে। কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ কর্মকর্তা ও প্রার্থীরা প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা দিচ্ছেন।

জুলাই অভ্যুত্থানের পর প্রথম এই নির্বাচনের ওপর দেশবাসীর সঙ্গে চোখ থাকছে সারা বিশ্বের। গুরুত্বপূর্ণ এই নির্বাচনের প্রতি মুহূর্তের খবর জানতে চোখ রাখুন প্রথম আলোর লাইভ ব্লগে। সারা দেশে ছড়িয়ে থাকা আমাদের সংবাদকর্মী ভোটের মাঠ থেকে খবর পাঠাবেন। এই লাইভ ব্লগের পাশাপাশি নির্বাচনের সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন পদ্মা ট্রিবিউনের ফেসবুক পেজ https://www.facebook.com/ThePadmaTribune। এই নির্বাচনে কোনো আসনে কারা প্রার্থীসহ খুঁটিনাটি সব তথ্য এবং আগের নির্বাচনগুলোর তথ্য জানতে দেখুন https://www.padmatribune.com/p/election-2026.html এ

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর আজ বৃহস্পতিবার একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছেন দেশের মানুষ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোট দিয়ে মত জানাবেন তাঁরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এবারের এই নির্বাচন গতানুগতিক জাতীয় সংসদ নির্বাচনের মতো নয়। শেষ পর্যন্ত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে এটি হতে পারে গণতান্ত্রিক উত্তরণের প্রথম ধাপ। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে তা হবে সংবিধানের মৌলিক সংস্কার বাস্তবায়নের সূচনা।

আজ সকাল সাড়ে সাতটা থেকে শুরু গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসীর উদ্দিন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন