ধানমন্ডির কেন্দ্রে ভোটার তালিকায় কয়েকজনের নাম–ছবি মিলছে না, ভোগান্তি
![]() |
| ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হচ্ছেন কয়েকজন। আজ বৃহস্পতিবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজধানীর ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয়ের একটি নারী কেন্দ্রে ভোটার নম্বরের সঙ্গে নাম ও ছবি না মেলার কারণে কিছু ভোটারের ভোগান্তি হয়েছে। কয়েকজন ভোটার এই সমস্যার কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া আটটার মধ্যে এ ধরনের ভোগান্তিতে আটজন ভোটার কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তার কাছে যান। তবে প্রিসাইডিং কর্মকর্তা তাঁদের সমস্যার সমাধান দিতে পারেননি।
প্রথমবার ভোট দিতে আসা জারিন আরা বলেন, ‘আমি অ্যাপ থেকে ভোটার নম্বর ও কেন্দ্রের অবস্থান নিয়ে এসেছি। কিন্তু কেন্দ্রে এসে দেখলাম নাম এবং ছবি মিলছে না। প্রিসাইডিং কর্মকর্তাকে বলার পর তিনি বললেন, তাঁর কিছু করার নেই।’
একই সমস্যায় পড়েছেন বয়োজ্যেষ্ঠ শিরিন আহমেদ। তিনি বলেন, ‘আনন্দ নিয়ে ভোট দিতে এসে এখন বিপদে পড়েছি। নামসহ কিছুই মিলছে না। কী করব বুঝতে পারছি না।’
বিলকিস নাহারও জানান, ‘এতদিন পর ভোট দিতে এসে ভোগান্তিতে পড়তে হয়েছে। এর সমাধান কী কেউ বলতে পারছে না।’
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নূর হোসেন বলেন, ‘সব ভোটারই সমস্যায় পড়েছেন তা নয়। কারও কারও এমন সমস্যা দেখা দিয়েছে। আমি নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বলেছেন, কেন্দ্রে থাকা তালিকা হালনাগাদ আছে। না মিললে ভোট নেওয়া যাবে না।’
তবুও কয়েকজন ভোটার ভোট দিয়ে আনন্দে বের হয়েছেন। কেউ কেউ ভোট দিয়ে সেলফি তুলেছেন। অনেকে দলবেঁধে পরিবারের সদস্যদের সঙ্গে এসে ভোটকেন্দ্রের ছবি তুলে স্মৃতি হিসেবে সংরক্ষণ করতে চেয়েছেন।

Comments
Comments