পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, জ্বালিয়ে দেওয়ার হুমকি

ওই শিক্ষিকার তলপেটে লাথি মারার পাশাপাশি পেটের সন্তানসহ পুড়িয়ে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

প্রতিনিধি নেত্রকোনা
আটপাড়া থানা
আটপাড়া থানা | ছবি: সংগৃহীত

নেত্রকোনার আটপাড়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তিরা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এ সময় ওই শিক্ষিকার তলপেটে লাথি মারার পাশাপাশি পেটের সন্তানসহ পুড়িয়ে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।


গতকাল সোমবার উপজেলার তেলিগাতি ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষিকার নাম নিবেদিতা দেব। তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।


শিক্ষিকার অভিযোগ, তেলিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদপ্রার্থী নুরুজ্জামান খানসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান। এ সময় আনোয়ার হোসেন তাঁর তলপেটে লাথি মারেন এবং অন্যরা তাঁকে কিল-ঘুষি মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকেরা তাঁকে উদ্ধার করেন।


নিবেদিতা দেব বলেন, ‘তাঁরা অন্য জায়গায় বৈঠকে বসে আমাকে সেখানে যাওয়ার জন্য খবর দেন। আমি বৈঠকে না গিয়ে তাঁদের বিদ্যালয়ে এসে কথা বলতে বলি। এরপর তাঁরা দলবল নিয়ে এসে আমার ওপর হামলা চালান। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা উল্লেখ করে তাঁদের বাধা দিলে তাঁরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে ও আমার পেটের সন্তানসহ পুড়িয়ে মারার এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন।’


নিরাপত্তাহীনতার কথা জানিয়ে শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খানের নেতৃত্বে তাঁর স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। ঘটনার পর তাঁরা ইউএনওর কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দেন।


তবে শিক্ষককে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তেলিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। তিনি দাবি করেন, বিদ্যালয়ের পাশে তাঁরা বৈঠক করছিলেন। শিক্ষিকাকে বৈঠকে আসার খবর পাঠানো হলেও তিনি আসেননি। পরে তাঁরা বিদ্যালয়ে গিয়ে দেখেন, ওই শিক্ষিকা আওয়ামী লীগের লোকজনকে নিয়ে বৈঠক করছেন। শিক্ষিকা কেন তাঁদের নিয়ে বৈঠক করছেন, সে বিষয়ে শুধু জানতে চাওয়া হয়েছিল। তাঁকে কোনো মারধর করা হয়নি।


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল জানান, ওই বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন করা হলেও সভাপতি নির্বাচন এখনো বাকি রয়েছে। শিক্ষিকার ওপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, শিক্ষিকার ওপর হামলার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তেলিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাছুম চৌধুরী স্বাক্ষরিত নোটিশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। মাছুম চৌধুরী জানান, জেলা বিএনপির পরামর্শে দুই নেতাকে এ নোটিশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.