পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

সাদুল্লাপুরে বিএনপির কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

বিকট শব্দে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

প্রতিনিধি গাইবান্ধা
বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ | ছবি: পদ্মা ট্রিবিউন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে ধাপেরহাট বন্দরে রংপুর-ঢাকা মহাসড়কসংলগ্ন ওই কার্যালয়ের সামনে এ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে কয়েকজন যুবককে বিএনপির কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে তাঁরা পরপর দুটি বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত আন্ডারপাসের ওভারব্রিজের ওপর দিয়ে পালিয়ে যান।


ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন বলেন, সন্ধ্যা সাতটার দিকে ওভারব্রিজের ওপর থেকে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।


এদিকে বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও পথসভা করেন বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পথসভা থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।


ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইশতিয়াক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে বিস্ফোরিত বস্তুর খোসা, টেপসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বিস্ফোরিত বস্তু দুটি ককটেল নাকি পটকাজাতীয় কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।


এর আগে গত মঙ্গলবার রাতে সাদুল্লাপুর-নলডাঙ্গা সড়কে ঘাঘট নদের ওপর নির্মিত জোড়া সেতুতে ককটেল বিস্ফোরণ ও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগের ৩৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা করে। পরে ওই মামলার চার আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। একই উপজেলায় ধারাবাহিক এসব ঘটনায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.