আওয়ামী লীগের ‘গোপন বৈঠকের’ অভিযোগে জাসাসের তালা
সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটের সারদা স্মৃতি হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের অভিযোগে তালা দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতারা। এ সময় হলের ভেতরে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিসহ বিভিন্ন প্রতিকৃতি নামিয়ে ফেলা হয়।
সোমবার দুপুরে নগরের ক্বীন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জাসাস নেতাদের অভিযোগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই নেতা শামসুল আলম সেলিম ও রজত কান্তি গুপ্ত সংগঠনটিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। দীর্ঘদিন ধরে সারদা স্মৃতি হলে জড়ো হয়ে আওয়ামী লীগের লোকজন গোপন সভা করে আসছেন বলে তাঁরা তথ্য পাচ্ছিলেন। গত রোববার রাতে এ ধরনের একটি সভার প্রস্তুতির খবর পেয়ে গতকাল দুপুরে জাসাসের জেলা ও মহানগর শাখার নেতারা সেখানে যান। পরে তাঁরা হলের দেয়াল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি ও বিভিন্ন ফ্রেম সরিয়ে তালা লাগিয়ে দেন।
জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান বলেন, ‘বিভিন্ন মাধ্যমে খবর পাই, সিলেটে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে সেখানে আওয়ামী লীগের লোকজন গোপন সভা করেন। পরে সেখানে গিয়ে শেখ মুজিবুর রহমানের ছবিসহ ফ্যাসিস্টদের ছবি দেখতে পাই। জাসাসের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ছবিগুলো নামিয়ে হলে তালা ঝুলিয়ে দেওয়া হয়। হলের চাবি সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে।’
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মইনুল জাকির জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। ফলে বিষয়টি তাঁদের জানা নেই।