আওয়ামী–সংশ্লিষ্টতা সন্দেহে পাঁচ কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল-ছাত্রশক্তির নেতা-কর্মীরা, শিক্ষককে হেনস্তা
মারধরের পর ওই পাঁচ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করেছেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। একই অভিযোগে এক শিক্ষককে হেনস্তা করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে তাঁরা এ ঘটনা ঘটান।
মারধরের পর ওই পাঁচ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। এ সময় তাঁদের পুলিশে দেওয়ার দাবিও জানান তাঁরা।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তবে রাত পৌনে একটায়ও ওই কর্মকর্তাদের ছেড়ে দেওয়া হয়নি। তাঁদের প্রক্টরের কার্যালয়ে বসিয়ে রাখা হয়েছে।
মারধরের শিকার পাঁচ কর্মকর্তা হলেন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী নিবন্ধক জুনায়েদ হোসেন, নিবন্ধকের দপ্তরের শাখা কর্মকর্তা নুরুল হুদা এবং উপনিবন্ধক সাইদুর রহমান রনি। আর হেনস্তার শিকার শিক্ষক হলেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম।
ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা দাবি করেন, দেশব্যাপী অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে যুক্ত। এমন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের তালিকা তৈরি করেছেন তাঁরা। সেই তালিকা অনুযায়ী তাঁদের খুঁজে বের করা হচ্ছে।
বিভিন্ন দপ্তর ও বিভাগে যাওয়ার সময় ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা স্লোগান দেন, ‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।
সরেজমিনে দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের সামনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী নিবন্ধক জুনায়েদ হোসেনকে মারধর করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে নিজ কার্যালয় থেকে তাঁকে ধরে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর মুঠোফোন কেড়ে নেন নেতা-কর্মীরা।
জুনায়েদ হোসেনকে প্রক্টরের কার্যালয়ে রেখে বিজ্ঞান অনুষদের দিকে যান ছাত্রদলের নেতা-কর্মীরা। সেখানে কয়েকজন কর্মকর্তাকে খুঁজতে থাকেন তাঁরা। তাঁদের না পেয়ে ফিরে আসেন। এ সময় তাঁদের সঙ্গে যোগ দেন এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতা-কর্মীরা। দুই সংগঠনের নেতা-কর্মীরা মিলে ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে।’
ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, ‘এখানে যে কর্মকর্তা বা যাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং এখনো সক্রিয়তা চালান, তাঁদের সঙ্গে কোনো ধরনের আপস নেই।’
বিক্ষোভ সমাবেশ শেষে আবার বিভিন্ন দপ্তর ও বিভাগে যেতে দেখা যায় ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের। দ্বিতীয় দফায় শুরুতেই নিবন্ধকের দপ্তরে গিয়ে উপপরিচালক সঞ্জয় কুমার পালকে মারধর শুরু করেন তাঁরা। এ সময় তাঁর পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়। পরে তাঁকেও টেনেহিঁচড়ে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনে গিয়ে বাংলা বিভাগের চেয়ারম্যানকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হেনস্তা করা হয়। বিভাগের একটি কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া যায়। ছবিটি বাইরে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা।
এরপর নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে যান। সেখানে উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডলকে মারধর করা হয়। টেনেহিঁচড়ে তাঁর পরনের শার্টও ছিঁড়ে ফেলা হয়। এরপর তাঁকেও প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বেলা আড়াইটার দিকে দ্বিতীয় দফায় ভাষাশহীদ রফিক ভবনে যান ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। সেখানে শাখা কর্মকর্তা নুরুল হুদাকে মারধর করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান তাঁরা। একইভাবে মারধর করে উপনিবন্ধক সাইদুর রহমানকেও প্রক্টরের কার্যালয়ে নেওয়া হয়।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসির আহমাদ বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপতৎপরতার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক ডাকা হয়েছে।’