জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোতে ঐক্যের তাগিদ, নিজস্ব কৌশলে এগোচ্ছে বিএনপি
ক্ষমতাসীন দল বিএনপিও বর্তমান পরিস্থিতিকে খুব বড় করে দেখছে না। দলের ভাষ্য, যেটুকু সমস্যা রয়েছে, তা তারা নিজেরাই সামাল দিতে সক্ষম
নিষিদ্ধ করা আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো দৃশ্যমান কোনো ঐক্যের উদ্যোগ দেখা যাচ্ছে না। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এ নিয়ে সমন্বয়ের অভাব রয়েছে। ক্ষমতাসীন দল বিএনপিও বর্তমান পরিস্থিতিকে খুব বড় করে দেখছে না। দলের ভাষ্য, যেটুকু সমস্যা রয়েছে, তা তারা নিজেরাই সামাল দিতে সক্ষম।
জুলাই গণ-অভ্যুত্থানে শরিক দলগুলোকে নিয়ে যৌথভাবে পরিস্থিতি মোকাবিলার কোনো ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, এ নিয়ে তাঁরা এখনো আলোচনা করেননি। সোমবার তিনি বলেন, ‘পতিত একটা দল, তারা আর কী করবে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা পরিস্থিতি মোকাবিলা করবে। আমরা এটাকে খুব একটা বড় করে দেখছি না।’
তবে বিএনপি ডাকলেই বিরোধী দলগুলো তাৎক্ষণিকভাবে সাড়া দেবে, বিষয়টি এখনো সেই পর্যায়ে নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংস্কারের দাবিতে রাজপথে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার চাইলে তারা শর্তসাপেক্ষে সহায়তা করতে প্রস্তুত। তবে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরে সরকারের ইতিবাচক পদক্ষেপ ছাড়া বৃহত্তর ঐক্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য কঠিন। যদিও ভিন্ন কারণ দেখিয়ে ২১ নভেম্বরের সিলেট লংমার্চ কর্মসূচি স্থগিত করেছে ১১ দলীয় জোট।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে সমন্বয় জরুরি। কারণ, দলগুলোর পারস্পরিক বিরোধ ও মতপার্থক্যের সুযোগ আওয়ামী লীগ কাজে লাগাতে পারে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনে করেন, বর্তমান পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের দলগুলোর অনৈক্য ও বিভাজনের সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। নানা মতপার্থক্য থাকলেও স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও ভোটাধিকারের প্রশ্নে দলগুলোর ঐক্যবদ্ধ থাকা জরুরি।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গত মঙ্গলবার জাতীয় সংসদে বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার নিজের দায়িত্ব সফলভাবে পালন করুক, সেটাই তাঁরা দেখতে চান। এ ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা চাওয়া হলে তারা তা আন্তরিকভাবে বিবেচনা করবেন। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সরকারের দায়িত্ব। বিরোধী দলের হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই, তবে সরকারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে জামায়াত প্রস্তুত রয়েছে।
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাও বলছেন, নাশকতা ও সহিংসতা মোকাবিলা করা সরকারের দায়িত্ব। তবে সরকার যদি মনে করে এককভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়, তবে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর প্রতি আনুষ্ঠানিকভাবে ঐক্যের আহ্বান জানাতে হবে। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরে সরকারকে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘সরকারের যেমন ঐক্য প্রয়োজন, তেমনি রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি রয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকর করা হলে ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়টি আমরা বিবেচনা করব।’
আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা বিবেচনায় নিয়ে ডিসেম্বর মাসজুড়ে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা করছে বিএনপি। দলটির নীতিনির্ধারকদের মতে, আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে শুধু আইনশৃঙ্খলাজনিত সমস্যা হিসেবে দেখছে না বিএনপি; এর মাধ্যমে তারা রাজনৈতিকভাবে অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় বিএনপির নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডে জড়াতে বারণ করা হয়েছে। সম্প্রতি দলের বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল নেতা ও অঙ্গসংগঠনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘এই ব্যাপারে সরকার খুবই সচেষ্ট রয়েছে। রাজনৈতিক অধিকারের নামে সন্ত্রাস, অস্ত্রের মহড়া, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা জনজীবনে অশান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই।’ স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলের পক্ষ থেকেও সরকারকে জানানো হয়েছে বলে জানান তিনি।