মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়া কার্যালয়ে সভা করল আওয়ামী লীগ
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল।
মিছিল নিয়ে তালা ভেঙে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল।
দুই বছর পর সোমবার বেলা ১১টার দিকে মিছিল নিয়ে টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে যান কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা–কর্মীরা। তালা ভেঙে কার্যালয়ে প্রবেশের পর সেখানে তাঁরা সভা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌরসভা কমিটির সভাপতি শেখ ইফতি জামানের নেতৃত্বে সোমবার বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ভবনের কাছে জড়ো হন শতাধিক নেতা–কর্মী। এরপর মিছিল নিয়ে তাঁরা উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন দলীয় কার্যালয়ে যান। সেখানে সভা করার পর আবার মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান তাঁরা।
দলীয় কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের প্রবেশের বিষয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে প্রশ্ন করেছেন সাংবাদিকেরা। গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় বিকেল সাড়ে চারটার দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জননিরাপত্তাসহ যেকোনো বিষয়ে তৎপর আছে। আমি মনে করি, যেগুলো আইনের মধ্যে পড়ে না বা আইনবহির্ভূত, সেসব বিষয়ে পুলিশ আইনি প্রক্রিয়া অব্যাহত রাখবে।’
এর আগে রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা–কর্মীরা।
রোববার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময় তাঁদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র ছিল। মহড়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতা–কর্মীরা।
এরপর রোববার সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে আগুন দেওয়া হয়। এ ঘটনায় নিষিদ্ধ দলটির নেতা–কর্মীরা জড়িত বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা বিএনপির নেতারা।
এ ছাড়া সন্ধ্যায় জেলার টুঙ্গিপাড়ায় পুলিশের উপপরিদর্শক মোসলেম আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। তিনি টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী। ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেদিন পুলিশের গাড়িতে আগুন দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।
উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের টহল চলছে। সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনার সামনে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।