মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন মাওলানা ভাসানী। পরে সন্তোষে তাঁকে সমাহিত করা হয়।
শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সোচ্চার থাকা মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে টাঙ্গাইলের সন্তোষ, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। মাওলানা ভাসানীর পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান এসব কর্মসূচির আয়োজন করেছে।
১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন মাওলানা ভাসানী। পরে সন্তোষে তাঁকে সমাহিত করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষে তাঁর মাজার প্রাঙ্গণে ইতিমধ্যে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘ভাসানী মেলা’ শুরু হয়েছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন মাজার প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষের সমাগম ঘটছে।
সকালে মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মূল কর্মসূচি শুরু হবে। ভাসানীর পরিবার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভাসানী ফাউন্ডেশন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, ওরস ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশের বিশিষ্ট ব্যক্তিরা মাজারে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় অংশ নেবেন।
মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির পক্ষ থেকে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে কমিটির আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মাজারে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ খান ভাসানী। শৈশবে মা-বাবাকে হারিয়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠেন তিনি। প্রথাগত শিক্ষার পাশাপাশি ভারতের দারুল উলুম দেওবন্দে ইসলামি শিক্ষা ও দর্শন অর্জন করেন। টাঙ্গাইলের কাগমারীতে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরে কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করেন। আজীবন এ সংগ্রামের কারণেই তিনি ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি পান।
আসামের ধুবড়ী জেলার ভাসানচরে বসবাসের সময় প্রজাস্বত্ব ও কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিশেষ পরিচিতি লাভ করেন তিনি। এর স্বীকৃতি হিসেবে জনতা তাঁকে ‘ভাসানী’ উপাধিতে ভূষিত করে।
ব্রিটিশ আমলে আসামের কুখ্যাত ‘লাইন প্রথা’ ও ‘বাঙালি খেদাও’ আন্দোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন মাওলানা ভাসানী। জমিদারি প্রথা উচ্ছেদ এবং কৃষকের ভূমির অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে। ১৯৪৭ সালের সিলেট গণভোটে সিলেটকে পূর্ব বাংলার অন্তর্ভুক্ত করার আন্দোলনেও সামনের সারিতে ছিলেন তিনি।
পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসকগোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। দলটির প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন তিনি। পরে অসাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতিকে সংগঠিত করতে ১৯৫৭ সালে গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।
১৯৫২ সালের ভাষা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম প্রধান সংগঠক হিসেবে আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন।
১৯৫৭ সালে সন্তোষে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যের প্রতিবাদ জানিয়ে তিনি ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ করেন। এর মধ্য দিয়ে পূর্ব বাংলার সম্ভাব্য স্বাধীনতার ইঙ্গিত দিয়েছিলেন বলে রাজনৈতিক ইতিহাসে ঘটনাটি বিশেষ গুরুত্ব বহন করে।
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে আইয়ুব খানের স্বৈরশাসনবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন ভাসানী। তাঁর নেতৃত্বে আন্দোলন তীব্র হলে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারে সরকার বাধ্য হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সভাপতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে কাজ করেন তিনি।
স্বাধীনতার পরও মানুষের অধিকার আদায়ে সক্রিয় ছিলেন মাওলানা ভাসানী। গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় এবং পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষার দাবিতে ১৯৭৬ সালের ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের নেতৃত্ব দেন তিনি। ৯৬ বছর বয়সে বার্ধক্য উপেক্ষা করে তাঁর এ পদযাত্রা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
ক্ষমতা বা পদ-পদবি নয়, শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। কৃষক-শ্রমিকের স্বার্থে আপসহীন অবস্থান, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম ও সাধারণ জীবনযাপনের জন্য তিনি দেশ-বিদেশে স্মরণীয় হয়ে আছেন।