স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার সন্দেহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা
যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি
ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে (৩৫) হত্যার ঘটনায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গণপিটুনিতে নিহত মেহেদী হাসান (৩১) বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাহাঙ্গীর এই হত্যাকাণ্ডে জড়িত।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা সুরুজ জামানকে হত্যা করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিল সাত বছর বয়সী মেয়ে। মেয়ের সামনেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম, তাঁর ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।
সুরুজ জামান হত্যার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল রাতেই ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। পুলিশ জানায়, এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন।
একপর্যায়ে পুলিশ মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে তাঁর মৃত্যুর পর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তবে চেষ্টা করেও অভিযুক্ত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ডের পর গণপিটুনির ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানান ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুল করিম। তিনি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে।