এবার রাজধানীর ভাটারায় স্কুল বাসে আগুন
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন
রাজধানীর ভাটারা থানার এক শ ফুট সড়কে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভাটারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেবশীষ রায় বলেন, একটি বাসে আগুন লাগার খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। তবে কীভাবে বাসটিতে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের হলুদ রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ছিল।
জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন সংবাদমাধ্যমকে জানান, এক শ ফুট সড়কে স্কুলের চারটি বাস রাখা ছিল। দুর্বৃত্তরা একটি বাসে বারুদ দিয়ে আগুন দেয়। আগুনে বাসটি পুড়ে গেছে।