চাঁপাইনবাবগঞ্জে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকায় এ ঘটনা ঘটে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাবুল আক্তার (৩৫) নামের এক ব্যক্তিকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবুল দাইপুখুরিয়া ইউনিয়নের বাটা গ্রামের মৃত গোল মোহাম্মদ আলীর ছেলে। তিনি দুবাইপ্রবাসী ছিলেন, পাশাপাশি বিদেশে লোক পাঠানোর কারবারে যুক্ত ছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, রোববার সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে একই এলাকার সেনারুল, বশির ও কটাসহ কয়েকজন ‘কথা আছে’ বলে বাবুলকে ডেকে নিয়ে যান। পরে তাঁকে কলমোগাড়া এলাকায় হাত-পা বেঁধে মারধর করে ফেলে রাখা হয়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, রাশিয়ায় লোক পাঠানো এবং যুদ্ধে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বাবুল এলাকার এক যুবককে রাশিয়ায় পাঠিয়েছিলেন। সেখানে গিয়ে ওই যুবক যুদ্ধে মারা গেলে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হলেও ক্ষোভ থেকে যায়। এর জের ধরেই রাশিয়ায় নিহত যুবকের স্বজনেরা বাবুলকে ডেকে নিয়ে মারধর করে থাকতে পারেন।
ওসি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।