পরপর দুই ককটেল বিস্ফোরণের পর অভিযান চালিয়ে উদ্ধার আরও ১১
পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আরও ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আরও ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে কবিরাজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেলগুলো উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের অধিবাসীদের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যেই শুক্রবার সকালে পরপর দুটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি সেই বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। সংঘাতের উদ্দেশ্যে ককটেলগুলো মজুত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তাঁরা। তবে এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে কাউকে নির্দিষ্ট করে দায়ী করেনি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১টি ককটেল উদ্ধার করে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে। তবে দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।