[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রোববার থেকে হামের জরুরি টিকাদান, তালিকায় যেসব উপজেলা

প্রকাশঃ
অ+ অ-
হামে আক্রান্ত অনেক শিশু চিকিৎসা নিচ্ছে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রাথমিকভাবে ১৮টি জেলার ৩০টি উপজেলায় শিশুদের বিশেষ গুরুত্ব দিয়ে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। এসব উপজেলায় হামের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। সংক্রমণের হারে সবার ওপরে রয়েছে বরগুনা সদর উপজেলা। রোববার থেকে এই জরুরি টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগ ও একটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে এই উপজেলাগুলোর তালিকা পাওয়া গেছে। সরকারি সূত্র জানিয়েছে, জরুরি এই কর্মসূচির আওতায় এসব উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ৩ হাজার ২৬৭টি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে শুক্রবার রাতে টিকাবিষয়ক কারিগরি কমিটির সভা হওয়ার কথা ছিল। শনিবারও স্বাস্থ্য অধিদপ্তরে উচ্চপর্যায়ের সভা হওয়ার কথা রয়েছে। এই দুই সভায় আলোচনার ভিত্তিতে তালিকায় আরও দু-একটি উপজেলা যুক্ত করার পরামর্শ আসতে পারে।

যে ৩০টি উপজেলায় টিকা দেওয়া হবে সেগুলো হলো—বরগুনা সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুরের হাইমচর ও সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ; গাজীপুর সদর; যশোর সদর; ঝালকাঠির নলছিটি; মাদারীপুর সদর; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর; নেত্রকোনার আটপাড়া; নওগাঁর পোরশা; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয় গত বৃহস্পতিবার জানিয়েছে, দেশে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে হামের সংক্রমণ ১৬ দশমিক ৮ জন। এই সংক্রমণের হারকে অনেক বেশি বলে মনে করছে সংস্থাটি।

সংক্রমণের হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দক্ষিণের জেলা বরগুনায়। সেখানে এ বছর ২৬ শিশু হামে আক্রান্ত হয়েছে। সংক্রমণের হার ২৯৫। এই জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু আছে ৩৬ হাজার ৮৮ জন। তাদের প্রত্যেককে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে পাবনা সদর উপজেলা। সেখানে ৩২ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং সংক্রমণের হার ১৮০। এই জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু আছে ৭২ হাজার ৮২৫ জন। তৃতীয় স্থানে রয়েছে চাঁদপুর সদর উপজেলা। সেখানে এ পর্যন্ত ২৪ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং সংক্রমণের হার ১৪৪। এই জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু আছে ৫৭ হাজার ৩২৮ জন।

সংক্রমণের হার বেশি—এমন একটি জেলার একজন সিভিল সার্জন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জরুরি টিকাদান কর্মসূচির জন্য তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। তবে তাঁর এলাকায় কর্মীসংকট রয়েছে। মাঠপর্যায়ে সাধারণত স্বাস্থ্য সহকারীরা টিকা দিয়ে থাকেন। কিন্তু ওই জেলায় ৩০ শতাংশের বেশি স্বাস্থ্য সহকারীর পদ খালি রয়েছে। জরুরি এই টিকাদান কর্মসূচি সফল করার ক্ষেত্রে এটি একটি বড় চ্যালেঞ্জ।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, ২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক ৯৪৭ জন রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪২ শিশুর হাম নিশ্চিতভাবে শনাক্ত করা গেছে।

সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র আরও জানায়, এ বছর ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত সন্দেহজনক ৫ হাজার ৭৯২ জনের হাম পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৭১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত বলে জানা গেছে।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সন্দেহজনকভাবে হামে ৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণেই হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে গত এক সপ্তাহে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা ৫০ জনের বেশি বলে জানিয়েছে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন