এই গরমে ত্বকের যত্নে কী করবেন?
![]() |
| গরমকালে তাপ, ঘাম, রোদ ও পানিশূন্যতার কারণে ত্বক সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। মডেল: রনি বালা | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঋতু, শহর কিংবা গ্রাম—পরিবেশ ও তাপমাত্রার ওপর ভিত্তি করে ত্বকের যত্নের ধরন বদলে যায়। বিশেষ করে গরমকালে কড়া রোদ, ঘাম আর পানির অভাব ত্বকের বেশ ক্ষতি করে। তবে কিছু সহজ অভ্যাস রপ্ত করলে এই গরমেও ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখা সম্ভব।
১. সানস্ক্রিন ব্যবহার
সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকে কালচে দাগ ও অকাল বার্ধক্যের ছাপ ফেলে। তাই বাইরে বের হওয়ার আগে অন্তত এসপিএফ-৪০ সমৃদ্ধ রোদ নিরোধক ক্রিম বা সানস্ক্রিন মাখা জরুরি। ভালো মানের সানস্ক্রিন একবার মাখলে প্রায় ৬ ঘণ্টা ত্বক সুরক্ষিত থাকে।
২. ত্বক সজীব রাখা
গরমে শরীর থেকে দ্রুত পানি বেরিয়ে যায়। তাই দিনে প্রচুর পানি পান করার পাশাপাশি ত্বকে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। যারা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কাজ করেন, তারা ২-৩ ঘণ্টা পরপর ময়েশ্চারাইজার লাগালে ত্বক শুষ্ক হওয়া থেকে রক্ষা পাবে।
৩. মৃদু ফেসওয়াশ বা ক্লিনজার
ঘাম আর ধুলোবালির কারণে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। তাই দিনে অন্তত দুবার হালকা মানের ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। বিশেষ করে বাইরে থেকে ফেরার পর এবং রাতে ঘুমানোর আগে মুখ ধুয়ে নেওয়া ভালো।
৪. ত্বককে শীতল রাখা
রোদে ত্বকে জ্বালাপোড়া বা লালচে ভাব হতে পারে। এ থেকে বাঁচতে ঘৃতকুমারী (অ্যালোভেরা), শসা বা ঠান্ডা কোনো প্রসাধন ব্যবহার করলে ত্বক আরাম পায়। ফেস মাস্ক বা ফেস মিস্ট ফ্রিজে রেখে ব্যবহার করলে ত্বকে প্রশান্তি আসবে।
৫. সুরক্ষা কবচ হিসেবে অ্যান্টি-অক্সিডেন্ট
সকালে ত্বকে ভিটামিন ‘সি’ সিরাম ব্যবহার করলে পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। এটি রোদে ক্লান্ত হয়ে পড়া ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে।
৬. মরা চামড়া পরিষ্কার করা
ঘাম ও আর্দ্রতার কারণে ত্বকে মরা কোষ জমে যায়। এটি দূর করতে সপ্তাহে এক বা দুবার ত্বক স্ক্র্যাব করা বা ঘষে পরিষ্কার করা ভালো। এতে ত্বকের সজীবতা ফিরে আসে।
৭. ভারী সাজগোজ এড়িয়ে চলা
গরমে খুব বেশি মেকআপ করলে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে ব্রণ বা অন্য সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময়ে হালকা সাজগোজ করাই ত্বকের জন্য নিরাপদ।
৮. রোদ থেকে বাড়তি সতর্কতা
বাইরে বের হওয়ার সময় টুপি, সানগ্লাস কিংবা ছাতা ব্যবহার করুন। এতে সূর্যের সরাসরি তাপ থেকে ত্বক অনেকটা রক্ষা পায়। খুব জরুরি প্রয়োজন না হলে তীব্র রোদে বাইরে না বেরোনোই ভালো।
অন্যান্য পরামর্শ
শাকসবজি ও ফলমূল ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি জোগায়, যা ত্বককে ভেতর থেকে ভালো রাখে। এর পাশাপাশি পর্যাপ্ত পানি পানের অভ্যাস ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে।
সূত্র: ভোগ অ্যারাবিয়া

Comments
Comments