নতুন উপজেলা হচ্ছে মোকামতলা, প্রস্তাব অনুমোদন
![]() |
| বগুড়া জেলার মানচিত্র |
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর নতুন উপজেলা হিসেবে গঠনের পথে এক ধাপ এগিয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সভায় প্রস্তাবটি অনুমোদন পাওয়ায় শিগগিরই এটিকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
সোমবার বগুড়া সফরে এসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিষয়টি নিশ্চিত করেন। তবে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ, প্রশাসনিক কাঠামো গঠন এবং আনুষ্ঠানিক উদ্বোধন এখনো বাকি থাকায় নতুন উপজেলা হিসেবে কার্যক্রম শুরু হয়নি। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ হলেই মোকামতলা পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদের সই করা এক নোটিশে জানা গেছে, গত ১২ এপ্রিল প্রাক-নিকার সচিব কমিটির সভায় বগুড়া সিটি করপোরেশনের প্রস্তাবের পাশাপাশি মোকামতলাকে উপজেলা করার বিষয়টি অনুমোদনের জন্য তোলা হয় এবং সেখানে সায় দেওয়া হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, প্রস্তাব অনুযায়ী শিবগঞ্জের পাঁচটি ইউনিয়ন—মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর—নিয়ে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা করা হয়েছে। সম্ভাব্য আয়তন ধরা হয়েছে ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা হতে পারে প্রায় দেড় লাখ।
স্থানীয় বিএনপি নেতা আইনজীবী আবদুল ওহাব বলেন, প্রাথমিকভাবে পাঁচটি ইউনিয়ন নিয়েই উপজেলা গঠন করা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী পাশের এলাকা যুক্ত করে এর পরিসর বাড়ানো যেতে পারে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রাক-নিকার সভায় অনুমোদন পাওয়া মানে প্রক্রিয়ার বড় অংশ শেষ হওয়া। এখন বাকি আনুষ্ঠানিকতা শেষ হলেই ঘোষণা আসবে। উপজেলা প্রশাসনিক ভবন তৈরির জায়গা নিয়ে মতভেদ থাকলেও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
মোকামতলা ব্যবসায়ী সমিতির সভাপতি চয়ন তালুকদার ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী খোকন বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ উপজেলা ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবির অগ্রগতি হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।
এর আগে, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান পাঁচটি ইউনিয়ন নিয়ে মোকামতলাকে উপজেলা করার আবেদন করেন স্থানীয় সরকার বিভাগে।
উল্লেখ্য, ২০০২ সালে খালেদা জিয়া সরকারের সময় বগুড়ার মাঝিড়া ইউনিয়নকে উন্নত করে শাজাহানপুর উপজেলা ঘোষণা করা হয়েছিল।

Comments
Comments