পটুয়াখালীতে ‘বৈশাখী চাঁদা’ না পেয়ে ব্যবসায়ীকে মারধর, অভিযুক্ত মৎস্যজীবী দল নেতা
![]() |
| পটুয়াখালীতে চাঁদা না পেয়ে দোকানে হামলা ও ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ ক্লাব মার্কেটে | ছবি: সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে নেওয়া |
পটুয়াখালী শহরে চাঁদা না পেয়ে একটি দোকানে হামলা এবং এক ব্যবসায়ীকে মারধর ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে সদর থানাসংলগ্ন জেলা পুলিশের মালিকানাধীন বাজারে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় মৎস্যজীবী দলের দুই নেতাসহ কয়েকজন এই হামলার সঙ্গে জড়িত।
আহত ব্যবসায়ী খোকন মল্লিককে (৪৪) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, জেলা পুলিশ ক্লাব বাজারের একটি দোকান ভাড়া নিয়ে তিনি মুরগির ব্যবসা করেন। জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গাজী (৪৫), সদর উপজেলার মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম (৩৮) ও তাঁদের সহযোগীরা পহেলা বৈশাখ পালনের কথা বলে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে রাজি হননি। মঙ্গলবার তাঁর মুঠোফোনে বৈশাখ পালনের খরচ বাবদ আবারও চাঁদা চাওয়া হয়। দুপুর ১২টার দিকে তিনি যখন দোকানে ছিলেন, তখন বাবুল গাজী ও শামীমসহ ১০ থেকে ১২ জন তাঁর দোকানে হামলা ও ভাঙচুর চালান। এলোপাতাড়ি কিলঘুষির পাশাপাশি বাবুল গাজী চাপাতি দিয়ে তাঁর হাতে আঘাত করেন।
খোকন মল্লিক অভিযোগ করেন, ওই ব্যক্তিরা চাঁদার দাবিতে ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে সদর থানাসংলগ্ন পৌর নিউমার্কেটে তাঁর ওষুধের দোকানে হামলা চালিয়েছিলেন। এরপর থেকে বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচির নামে ও ব্যক্তিগত কাজে তাঁর কাছ থেকে এ পর্যন্ত ৭ থেকে ৮ লাখ টাকা চাঁদা নেওয়া হয়েছে। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি বাধ্য হয়ে চাঁদা দিতেন এবং বিষয়টি গোপন রাখতেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে বাবুল গাজী বলেন, খোকন মল্লিক স্বৈরাচারের সহযোগী এবং তিনি বাজারে মরা মুরগি বিক্রি করেন। এই বিষয়ে প্রতিবাদ করায় উল্টো তিনি তাঁদের ওপর চড়াও হন, যেখান থেকে হাতাহাতির ঘটনা ঘটে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মঙ্গলবার রাতে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments