[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাতিরঝিলে বন্ধুদের সঙ্গে গল্প করার সময় বখাটের ছুরিকাঘাত, যুবক নিহত

প্রকাশঃ
অ+ অ-
ছুরিকাঘাত | প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল এলাকায় ছুরিকাঘাতে মো. রাব্বি (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত পৌনে আটটার দিকে মগবাজারের মধুবাগ মাদ্রাসার খেলার মাঠসংলগ্ন একটি গলিতে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি মগবাজারের আঞ্জুমান হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা গ্রামে। সে রংমিস্ত্রি মো. ফারুকের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে মগবাজারের চেয়ারম্যান গলিতে ভাড়া বাসায় থাকত। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।

চেয়ারম্যান গলির বাসিন্দা ও রাব্বির পরিচিত কাজী সিয়াম আবদুল্লাহ জানান, ইফতারের পর রাব্বি তার দুই বন্ধুকে নিয়ে বাসার কাছেই মধুবাগ খেলার মাঠসংলগ্ন এলাকায় যায়। সেখানে তারা গল্প করছিল। এ সময় ওই এলাকার উজ্জ্বল নামের এক বখাটেসহ পাঁচ-ছয়জন তাদের ঘিরে ধরে। একপর্যায়ে তর্কের মধ্যে রাব্বির বুকে ছুরিকাঘাত করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গুরুতর আহত অবস্থায় রাব্বিকে প্রথমে একটি স্থানীয় কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাব্বির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. ফারুক।

রাত সাড়ে ১১টায় হাতিরঝিল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক পার্থ সারথি দাস বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন