সাভারে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
![]() |
| শারমীন জাহান | ছবি : সংগৃহীত |
ঢাকার সাভারে একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসা থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শারমীন জাহান (২৩) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয় গ্রামের শাহ জাহান মোল্লার মেয়ে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শারমীনের স্বামী ও ঢাকা কলেজের ছাত্র ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্বামী ফাহিমের বরাত দিয়ে আশুলিয়া থানা-পুলিশ জানায়, আজ সকালে তিনি বাসা থেকে বের হয়ে যান। বেলা দুইটার পর ফিরে এসে দেখেন বাসার দরজা বাইরে থেকে বন্ধ। ভেতরে ঢুকে শারমীনকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভাড়া বাসার মালিক আবদুল্লাহ সোহরাওয়ার্দী জানান, পাঁচ-ছয় মাস আগে শারমীন ও ফাহিম তাঁর বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নেন। দুপুরে তিনি ফাহিমের চিৎকার শুনে ঘরে গিয়ে শারমীনকে নিথর অবস্থায় দেখেন। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয় হাসপাতালে ও পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক মিয়া জানান, বিকেল ৪টা ২২ মিনিটের দিকে শারমীনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় গভীর ক্ষতচিহ্ন ছিল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু বলেন, ‘শারমীনের মাথা থেঁতলানো ছিল এবং শরীরে অসংখ্য আঁচড়ের দাগ দেখা গেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যুতে আমরা স্তব্ধ। দায়ীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের সহায়তা করা হচ্ছে।’
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, ফাহিম আল হাসান দাবি করছেন যে তিনি সকালে বাইরে ছিলেন এবং দুপুরে ফিরে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পান। তাঁর বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Comments
Comments