ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষে চালকসহ নিহত ৩
![]() |
| ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায়। আজ বুধবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌরসভার বালিয়া মোড়সংলগ্ন কাকলি চাল কলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিম ও বাসচালক আবদুল বাসেত। অন্যজন একজন পথচারী, যাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনায় সেনাসদস্যসহ আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, বেলা পৌনে ১১টার দিকে কাকলি চাল কলের সামনে ময়মনসিংহে যাওয়ার পথে সেনাবাহিনীর একটি ট্রাকের সঙ্গে শেরপুরগামী ‘খান ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও সেনাবাহিনীর গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের সময় ঘটনাস্থলেই এক পথচারী নিহত হন।
গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিমকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, বাসচালক আবদুল বাসেতকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই দুর্ঘটনায় সেনাসদস্যসহ আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন জানান, সেনাবাহিনীর সদস্যরা ফুলপুর ক্যাম্প থেকে ময়মনসিংহে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। সিসি ক্যামেরার দৃশ্য (ফুটেজ) থেকে দেখা গেছে, যাত্রীবাহী বাসটি অন্য একটি বাসকে পাশ কাটিয়ে সামনে যাওয়ার (ওভারটেক) চেষ্টা করলে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর ট্রাকচালক, বাসচালক ও এক পথচারী প্রাণ হারান। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের (অগ্নিনির্বাপক বাহিনী) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠিয়েছেন।

Comments
Comments