[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় কুপিয়ে জখম

প্রকাশঃ
অ+ অ-
আহত শ্যামল দাস। রোববার সকালে খানপুরের নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সকালে ফতুল্লা শহরের জামতলা ধোপাপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আহত শ্যামল দাস (৫৫) ফতুল্লা শহরের জামতলা ধোপাপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইর এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগে শ্যামল দাস উল্লেখ করেন, এলাকায় কয়েকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি তাঁদের এই কাজে বাধা দেওয়ায় তাঁরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় তাঁকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।

অভিযোগে আরও বলা হয়, সকাল সাড়ে আটটার দিকে অভিযুক্ত মিরাজ ও আরাফাতসহ ১০ থেকে ১২ জন দেশি অস্ত্র নিয়ে শ্যামল দাসের বাসার সামনে এসে তাঁকে গালিগালাজ করতে থাকেন। প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। এ সময় মিরাজ ধারালো দা দিয়ে তাঁর মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। আরাফাত চাপাতি দিয়ে কোপ দিতে এলে তিনি হাত দিয়ে ঠেকান, এতে তাঁর বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল কেটে যায়। এ সময় অন্যরা লোহার রড, পাইপ ও লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। যাওয়ার আগে তাঁরা হুমকি দিয়ে বলেন, এই বিষয়ে মামলা করলে তাঁকে হত্যা করা হবে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় শ্যামলকে খানপুরের নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন