যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
![]() |
| সুপ্রিম কোর্ট | ফাইল ছবি |
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের হওয়া পারস্পরিক বাণিজ্যচুক্তির (এআরটি) বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বাদী হয়ে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন।
গত ৯ ফেব্রুয়ারি বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই পারস্পরিক বাণিজ্যচুক্তি সই হয়। এই চুক্তিটি নিয়ে বর্তমানে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে। রিট আবেদনকারী আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস এটি দায়ের করেন।
চুক্তিটিকে স্পষ্টভাবেই অযৌক্তিক ও বৈষম্যমূলক হিসেবে উল্লেখ করেছেন আইনজীবী সুবীর নন্দী দাস। তিনি জানান, এই চুক্তি আপাতদৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির পথ রুদ্ধ করার মতো একটি ব্যবস্থা। কারণ, চুক্তিতে বাংলাদেশের জন্য ১৩১টি বিষয়ে শর্ত দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে মাত্র ৬টি বিষয়ে বাধ্যবাধকতা রাখা হয়েছে। এটি কেবল দেশের জাতীয় স্বার্থেরই পরিপন্থী নয়, বরং সাধারণ মানুষের জন্যও ক্ষতিকর। চুক্তিটি সই ও বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় ব্যর্থ হয়েছেন—মূলত এই যুক্তিতেই রিটটি করা হয়েছে। বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামীকাল রিটটি তোলা হবে।
রিট আবেদনে দেখা যায়, গত ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এই পারস্পরিক বাণিজ্যচুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেই মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে। রুল জারি হলে তা বিচারাধীন থাকা অবস্থায় চুক্তির নিয়ম অনুযায়ী দুই দেশের মধ্যে লিখিত বিজ্ঞপ্তি দেওয়া বা আদান-প্রদান কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এই রিটে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

Comments
Comments