[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজধানীতে ৪৭টি মাথার খুলিসহ বিপুল হাড় উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রকাশঃ
অ+ অ-
অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ | ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর তেজগাঁও এবং উত্তরা এলাকায় আলাদা অভিযান চালিয়ে মানুষের শরীরের বিপুল পরিমাণ হাড় ও ৪৭টি মাথার খুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁরা সংঘবদ্ধ কঙ্কাল চোর চক্রের সদস্য। গত রোববার রাতে এবং গতকাল সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) এবং মো. ফয়সাল আহম্মেদ (২৬)। তাঁদের কাছ থেকে কয়েকটি প্লাস্টিকের ব্যাগে রাখা ৪৭টি মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যায়। তাঁদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।

দুপুরে ডিএমপির তথ্যকেন্দ্রে (মিডিয়া সেন্টার) এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে তেজগাঁওয়ের মণিপুরিপাড়া এলাকার ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে কাজী জহরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, জহরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে তেজগাঁও কলেজের সামনে অভিযান চালিয়ে আবুল কালাম ও আসাদুল মুন্সীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আরও দুটি কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

এরপর গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যে সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকার একটি দন্ত চিকিৎসা (ডেন্টাল) কলেজ ও হাসপাতালের ছাত্রাবাসে অভিযান চালানো হয়। সেখানকার একটি কক্ষ থেকে মো. ফয়সাল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। ওই কক্ষে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় আরও ৪৪টি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা ইবনে মিজান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকার কবরস্থান থেকে গোপনে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করতেন। পরে সেগুলো বিভিন্ন মানুষের কাছে চড়া দামে বিক্রি করতেন।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে। আর আসাদুল মুন্সীর বিরুদ্ধে রয়েছে দুটি মামলা। এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন