সংসদে সরকারি দলের সংসদীয় সভা বুধবার
![]() |
| জাতীয় সংসদ ভবন | ছবি: পদ্মা ট্রিবিউন |
আগামী বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আহ্বান করা হয়েছে। ওই দিন বেলা ১১টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা তারেক রহমান।
আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি সংশ্লিষ্ট সব সংসদ সদস্যকে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ সংসদের নেতা নির্বাচিত করা হয়।
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে সংসদ সচিবালয় অধিবেশনের সব প্রস্তুতি গুছিয়ে এনেছে। উল্লেখ্য, ৩০০ আসনের এই সংসদে দুটি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল করা হয়েছে।
বাকি ২৯৭টি আসনের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিএনপি ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এ ছাড়া জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টিতে জয়লাভ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।

Comments
Comments