কক্সবাজারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
![]() |
| কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী গণেশ পালের পরিবারে আহাজারি। শনিবার বিকালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্পের পল্লাইন্যা কাটা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গণেশ পাল (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার বিশ্বনাথ পালের ছেলে। শহরের পৌর সমবায় মার্কেটে তাঁর কাপড়ের দোকান রয়েছে।
শনিবার বেলা দেড়টার দিকে স্থানীয় সন্ত্রাসী জিসানের নেতৃত্বে কয়েকজন গণেশ পালের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা গণেশ পালকে এলোপাতাড়ি মারধর করেন এবং একপর্যায়ে তাঁর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় গণেশ পালকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন।
নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে ওসি মো. ছমি উদ্দিন বলেন, দুপুর দেড়টার দিকে গণেশ নিজের বাড়ির ড্রেন ও পয়োনিষ্কাশন আধার (সেপটিক ট্যাংক) নির্মাণের কাজ করাচ্ছিলেন। এ সময় একই এলাকার সন্ত্রাসী জিসানসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। গণেশ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।
![]() |
| কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় ব্যবসায়ী গণেশ পালকে হত্যার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ। আজ রাতে শহরের প্রধান সড়কে | ছবি: পদ্মা ট্রিবিউন |
নিহত গণেশ পাল শহরের বড় বাজার এলাকার পৌরসভা সমবায় মার্কেটের ব্যবসায়ী ছিলেন। তাঁর ভাই আশীষ পাল জানান, পল্লানকাঠা এলাকায় গণেশ নতুন বাড়ি নির্মাণ করছেন। সেখানে পয়োনিষ্কাশন আধার (সেপটিক ট্যাংক) বসানোর কাজ চলছিল। দুপুরে সেই কাজ দেখার জন্য মার্কেট থেকে তিনি বাড়িতে আসেন। এ সময় সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে গণেশকে ছুরিকাঘাত করে হত্যা করে। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। অভিযুক্ত জিসান একই এলাকার মোহাম্মদ জাকিরের ছেলে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।


Comments
Comments