[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাগেরহাটে পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

প্রকাশঃ
অ+ অ-
ছিনতাই | প্রতীকী ছবি

বাগেরহাটের কচুয়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার খলিশাখালী গ্রামে এটি ঘটে।

আহত পুলিশ সদস্য রাজু খান। তিনি কচুয়া থানায় কনস্টেবল পদে কর্মরত।

ছিনিয়ে নেওয়া আসামির নাম নাদিম শেখ (৩৩)। তাঁর বাড়ি খলিশাখালী গ্রামে। পুলিশ জানায়, ২০২৪ সালের একটি দস্যুতা মামলায় নাদিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এছাড়া এলাকায় মারধর, চাঁদাবাজি ও দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

গতকাল নাদিমকে গ্রেপ্তার করতে উপপরিদর্শক (এসআই) আনিচুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমদাদুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়। নাদিমকে আটক করে নিয়ে আসার সময় তাঁর ছোট ভাই সাগর শেখ ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

নাদিমকে ছিনিয়ে নেওয়ার সময় সাগর রাজু খানের দিকে কোপ দিলে তাঁর ডান হাতে গুরুতর জখম হয়। এই সুযোগে নাদিম ও সাগর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আহত রাজু খানকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, পরোয়ানাভুক্ত নাদিমকে গ্রেপ্তার করতে গেলে তাঁর ভাই আকস্মিকভাবে হামলা চালায়। এতে রাজু খান গুরুতর আহত হন। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

এর আগে ২০২২ সালের ২০ মার্চ খলিশাখালীর পাশের গ্রাম সম্মানকাঠিতে সন্ত্রাসী হামলায় কচুয়া থানার এসআই রবিউল ইসলাম গুরুতর আহত হন। ২০২৫ সালের ১ এপ্রিল কচুয়ায় গ্রেপ্তার আসামিকে ছাড়িয়ে দিতে বিএনপির নেতা-কর্মীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন