মিয়ানমারে পাচার হচ্ছিল আলু, কোস্টগার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক
![]() |
| চট্টগ্রামের বাঁশখালীতে কোস্টগার্ডের হাতে জব্দ আলুসহ আর্টিসানাল ট্রলিংবোট ও ছয় পাচারকারী | ছবি: পদ্মা ট্রিবিউন |
সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৯৫০ কেজি আলুসহ একটি জেলেনৌকা জব্দ করেছে কোস্টগার্ড এবং ছয়জন পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এস এস পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়। জব্দ করা নৌকাটি ছিল নিষিদ্ধ আর্টিসনাল ট্রলিং বোট, যাতে অবৈধ ট্রলিং জাল ব্যবহার করা হচ্ছিল।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম জানান, আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া এলাকার মো. আরমান (২৫), মাহমুদ হোসেন (৬১), রামুর সাদ্দাম হোসাইন (২০), মহেশখালীর মো. আবদুল খালেক (১৯), রবি আলম (৩২) ও রিদোয়ান (২৮)।
কোস্টগার্ড সূত্র জানায়, অভিযান চলাকালে ওই বোটে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকার একটি জাল এবং শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৯৫০ কেজি আলু জব্দ করা হয়। ছয়জন পাচারকারীও সেই সময় আটক করা হয়।
সাব্বির আলম বলেন, জব্দকৃত আলু, ট্রলিং জাল এবং অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন। আটক পাচারকারীদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
প্রসঙ্গত, কাঠের তৈরি ছোট ট্রলারে অবৈধভাবে ইঞ্জিন লাগিয়ে এতে ছোট ফাঁসের ‘বেহুন্দি জাল’ ব্যবহার করা হয়। সাগরে নিষিদ্ধ এসব নৌযানকে আর্টিসনাল ট্রলিং বোট বলা হয়। এসব ট্রলার গভীর ও অগভীর সাগরে রেণু-পোনা, ডিমওয়ালা মা মাছ এবং মাছের প্রাকৃতিক খাদ্য নষ্ট করে।

Comments
Comments