নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা, পিস্তল ছিনিয়ে নিল ছিনতাইকারীরা
![]() |
| ছিনতাই | প্রতীকী ছবি |
নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) কাছ থেকে সরকারি পিস্তল ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। সোমবার ভোরে নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই লুৎফর রহমান টহল দায়িত্বে ছিলেন। তাঁর সঙ্গে কনস্টেবল মতিউর রহমান ও ফয়সাল হোসেন ডিউটি করছিলেন। ভোরের দিকে এএসআই লুৎফর রহমান মোটরসাইকেলে করে মণ্ডলপাড়া নগর ভবনের সামনে পৌঁছালে অন্য একটি মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারী তাঁর পথ আটকায়। এ সময় তারা দেশি অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাঁর কোমরে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরপরই পুলিশ ছিনতাইকারীদের ধরতে ও অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে দুপুর পর্যন্ত খোয়া যাওয়া পিস্তলটি উদ্ধার করা বা কাউকে আটক করা সম্ভব হয়নি।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, ভোরে এএসআই লুৎফর রহমানের ওপর হামলা করে তাঁর একটি পিস্তল ছিনিয়ে নেওয়া হয়েছে। অস্ত্রটি উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

Comments
Comments