[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাঁধুনী কীর্তিমতী সম্মাননা পেলেন চার নারী

প্রকাশঃ
অ+ অ-
‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫’ প্রদান অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত নারীদের সঙ্গে আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা | ছবি: পদ্মা ট্রিবিউন

অদম্য লড়াই আর সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা’ পেলেন চার নারী। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখা এই কৃতি নারীরা হলেন নুর নাহার, কাওসার সোহেলী, মোছা. সুরাইয়া ফারহানা রেশমা ও ঋতুপর্ণা চাকমা।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাঁধুনী’ এই অনুষ্ঠানের আয়োজন করে। সমাজকল্যাণ, সাংবাদিকতা, ব্যবসায় উদ্যোগ ও খেলাধুলা—এই চার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া এই সম্মাননা অনুষ্ঠানটি এবার ২০ বছরে পা দিল।

যৌনকর্মীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত নারীদের জন্য ‘বঞ্চিতা’ নামের সংগঠন গড়ার স্বীকৃতি হিসেবে ‘কীর্তিমতী হিতৈষী’ সম্মাননা পান নুর নাহার। তাঁর হাতে স্মারক তুলে দেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক এবং চেক তুলে দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম। পুরস্কার হাতে নুর নাহার বলেন, ‘যৌনকর্মীরা সমাজে সবচেয়ে বেশি অবহেলার শিকার। তাঁদের সন্তানদের অবস্থা আরও করুণ। তারা সামাজিক মর্যাদা ও সব ধরনের সুযোগ থেকে বঞ্চিত। তাদের সুবিধা নিশ্চিত করতে আমি আজীবন কাজ করে যেতে চাই।’

অনুসন্ধানমূলক সাংবাদিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক ও রাষ্ট্রীয় বিষয় সবার সামনে তুলে ধরার স্বীকৃতি হিসেবে ‘কীর্তিমতী সাংবাদিক’ সম্মাননা পান মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি কাওসার সোহেলী। তাঁর হাতে পুরস্কার তুলে দেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। কাওসার সোহেলী তাঁর এই অর্জনের কৃতিত্ব পরিবারকে দিয়ে বলেন, ‘মায়ের চোখে দেখা স্বপ্নে আজ এখানে দাঁড়িয়েছি। সৎ থেকে পথ চলার অনুপ্রেরণা পেয়েছিলাম বাবার কাছ থেকে। আর গণমাধ্যমকর্মী হিসেবে নিজেকে প্রমাণের বড় সুযোগ পেয়েছি আমার স্বামীর সহযোগিতায়।’

নানা ধরনের কৃষি ও খামার উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে অসংখ্য নারীর কর্মসংস্থান তৈরি ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখায় ‘কীর্তিমতী উদ্যোক্তা’ সম্মাননা পান মোছা. সুরাইয়া ফারহানা রেশমা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা। রেশমা বলেন, ‘আমাদের সমাজে নারীদের কখনো বাবা, কখনো স্বামীর পরিচয়ে বেঁচে থাকতে হয়; কিন্তু যাঁদের এই দুইয়ের কোনোটিই নেই, তাদের বেঁচে থাকা ও পরিচয় দেওয়া কঠিন হয়ে পড়ে। আমি এই বাধা জয় করে নিজের পরিচয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম।’

দক্ষিণ এশীয় নারী ফুটবল প্রতিযোগিতায় (সাফ) টানা দুবার জয়ী দলের সদস্য এবং আসরের সেরা খেলোয়াড় হিসেবে ‘কীর্তিমতী ক্রীড়াবিদ’ সম্মাননা পান ঋতুপর্ণা চাকমা। তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর দুলাভাই সুদীপ চাকমা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা। তিনি বলেন, নতুন প্রজন্মের নারীরা এই কৃতিদের দেখে উৎসাহিত হচ্ছেন। বাংলাদেশ নারী ফুটবল দলেও এমন অনেক সদস্য আছেন, যাঁরা দমবার পাত্র নন। বাধা পেরিয়ে তাঁরা নিজেদের প্রমাণ করে যাচ্ছেন। রুবাবা দৌলা এই নারী ফুটবলারদের ‘আসল যোদ্ধা’ বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে 'উন্নতির জন্য ত্যাগ' বিষয়টি আমাদের কাছে একটি পরিষ্কার অঙ্গীকারের প্রতিফলন। একজন নারী এগিয়ে গেলে তার সঙ্গে এগিয়ে যায় পরিবার, কর্মক্ষেত্র ও পুরো দেশ। রাঁধুনী কীর্তিমতী সম্মাননার মাধ্যমে আমরা সেই ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই।’

মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক বলেন, ‘আমরা এখন যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এ সময়ে স্বীকৃতি এবং উৎসব দুটিরই প্রয়োজন আছে। এ পরিস্থিতিতে অনেক সময় আমরা কথা না বলে চুপ হয়ে যাই; কিন্তু যারা চুপ না থেকে কিছু করতে চায়, তারাই প্রকৃত যোদ্ধা।’

এবারের সম্মাননার বিচারক প্যানেলে ছিলেন এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ, পোশাক ব্র্যান্ড ‘গুটিপা’র ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা মিজি, সাংবাদিক মোস্তফা মামুন এবং প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান ডিক্যাস্টালিয়ার পরিচালক সাবিলা ইনুন। অনুষ্ঠানে তুষার আবদুল্লাহ বলেন, প্রতিযোগী হিসেবে সাংবাদিক কাওসার সোহেলী তাঁর কাছ থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অ্যাডকম লিমিটেডের সভানেত্রী গীতিআরা সাফিয়া চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজসহ স্কয়ার গ্রুপের পদস্থ কর্মকর্তা ও দেশের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বালুচিত্রের মাধ্যমে কৃতি নারীদের এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরেন বালুশিল্পী জীবন রায়।
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন