[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চুরি করতে ছুরি হাতে ঘরে ঢুকলেন কৃষক দল নেতা, ধরা পড়লেন সিসিটিভিতে

প্রকাশঃ
অ+ অ-
লক্ষ্মীপুরের সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে চুরি করতে ঢোকেন কৃষক দল নেতা সাহাব উদ্দিন(বামে)। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয় | ছবি: সিসিটিভি ভিডিও ফুটেজ থেকে

গভীর রাত, সময় আনুমানিক দেড়টা। চুরির উদ্দেশ্যে একটি বাড়িতে ঢোকেন দুই ব্যক্তি। একজনের হাতে ছিল টর্চলাইট ও ছুরি। কৌশলে ঘরে ঢুকে তাঁরা মূল্যবান জিনিসপত্র চুরি করেন। চুরির এই পুরো দৃশ্য ধরা পড়ে বাড়ির সিসিটিভি ক্যামেরায়।

গত মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এই চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে যে দুজনকে দেখা গেছে, তাঁদের একজনের নাম সাহাব উদ্দিন। ভিডিওতে তাঁর হাতে ছুরি ও টর্চলাইট দেখা যায়। ১ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে চুরির নির্দেশনা দিতে দেখা গেছে। সাহাব উদ্দিন উপজেলার চরশাহী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের সদস্য। সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বুধবার রাতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ জানায়, চুরির ঘটনাটি ঘটেছে সুমন হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে। এ ঘটনায় বুধবার রাতে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মামলায় কৃষক দল নেতাসহ দুজনকে আসামি করা হয়। তবে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত তাঁদের কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এদিকে বুধবার রাতে সাহাব উদ্দিনকে দল থেকে বহিষ্কারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাহাব উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এ বিষয়ে জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম বলেন, চুরির ভিডিওটি তাঁদের নজরে এসেছে। এ ধরনের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাহাব উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, চুরির ঘটনায় দুজনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। চুরির ভিডিওটি মামলার প্রমাণ হিসেবে রাখা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন