[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অভয়নগরে পাচারের সময় ৫৬ বস্তা সরকারি সার জব্দ, একজনের কারাদণ্ড

প্রকাশঃ
অ+ অ-
যশোরের অভয়নগরে পাচারের সময় ৫৬ বস্তা সরকারি সার জব্দ করা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

যশোরের অভয়নগরে পাচারের সময় ৫৬ বস্তা সরকারি সার জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত একজনকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে উপজেলার নওয়াপাড়ায় পৃথক দুটি অভিযানে এই সার জব্দ ও সাজা দেওয়া হয়। জব্দ করা সারের মধ্যে রয়েছে ৫০ বস্তা ডিএপি এবং ৬ বস্তা ইউরিয়া।

অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এই অভিযান পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

এরপর রাত সাড়ে নয়টার দিকে নওয়াপাড়ার জগবাবুর মোড় এলাকায় একটি ইঞ্জিনচালিত ভটভটি থামিয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৫০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এই সার মণিরামপুর উপজেলা থেকে নওয়াপাড়ায় আনা হচ্ছিল। ঘটনার সঙ্গে জড়িত থাকায় ভটভটি চালক ও সারের মালিক সাবিরুল মোল্যাকে (২০) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাবিরুল অভয়নগরের আমডাঙ্গা গ্রামের হাফিজুর রহমান মোল্যার ছেলে।

অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন উপস্থিত ছিলেন। তিনি জানান, জব্দ করা এই সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকারি মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবৈধভাবে সার পরিবহনের দায়ে সার ব্যবস্থাপনা আইনে এই সাজা দেওয়া হয়েছে। ৫০ বস্তা ডিএপি সারসহ ভটভটিটি জব্দ করা হয়েছে এবং পরিত্যক্ত অবস্থায় পাওয়া ইউরিয়া সারগুলোও হেফাজতে নেওয়া হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন