[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈদের আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি, মেঘলা থাকতে পারে আকাশ

প্রকাশঃ
অ+ অ-
বৃষ্টির মধ্যে মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। দৈনিক বাংলা এলাকা। ২০ মার্চ | ছবি: পদ্মা ট্রিবিউন  

আজ শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থার আবহাওয়াবিদেরা বলছেন, উপমহাদেশজুড়ে একটি বড় বৃষ্টির বলয় তৈরি হয়েছে। এর প্রভাবেই শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর প্রভাব আগামীকালও থাকতে পারে। দিবাগত মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়ে শনিবার সকালে কিছুটা থেমে বিকেলে আবারও বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ রাতে বলেন, শুক্রবারের তুলনায় আগামীকাল বেশি বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি সারা দিন ধরেও থাকতে পারে।

বেলা ১১টার পর থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়। রাত সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখার সময়ও আকাশ মেঘলা ছিল। রাজধানীতে সারা দিনে ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মাদারীপুরে, ৩৩ মিলিমিটার। এদিন দেশের প্রায় সব বিভাগেই ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে।

আগের পূর্বাভাস অনুযায়ী শনিবার চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হওয়ার কথা ছিল। তবে বজলুর রশিদ বলেন, উপকূলীয় এলাকাজুড়েও বৃষ্টি থাকতে পারে।

এদিকে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের ওপর প্রায় এক হাজার কিলোমিটারজুড়ে একটি বৃষ্টির বলয় তৈরি হয়েছে বলে আবহাওয়া সংস্থাগুলোর সূত্রে জানা গেছে। এটি একটি সোজা রেখার মতো নিম্নচাপজনিত পশ্চিমা ঝড় হিসেবে তৈরি হয়েছে। সাধারণত এ ধরনের পশ্চিমা ঝড় ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিম্নচাপ থেকে তৈরি হয়ে উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে এগোয়। এগুলো শীতকালে বেশি সক্রিয় থাকে এবং তুষারপাত ও শৈত্যপ্রবাহ নিয়ে আসে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। এই ঝড়টি বাঁক না নিয়ে সোজা একটি নিম্নচাপের রেখা হিসেবে বিস্তৃত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বাংলাদেশের এই বৃষ্টিতে এই বৃষ্টির বলয়ের প্রভাব রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন