ত্বকীর ১৩তম মৃত্যুবার্ষিকীতে কবরে শ্রদ্ধা ও দ্রুত বিচারের দাবি
![]() |
| যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলার বিচারের দাবিতে মানববন্ধন। আজ শুক্রবার দুপুরে শহরের কোর্ট মোড়ে | ছবি: পদ্মা ট্রিবিউন |
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। একই সঙ্গে তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মোল্লাবাড়ি এলাকায় সিরাজ শাহর আস্তানায় অবস্থিত ত্বকীর কবরে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এ সময় সেখানে দোয়া ও মোনাজাত করা হয়।
ত্বকীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। এ ছাড়া জেলা সিপিবি, খেলাঘর আসর, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ মহিলা পরিষদ, বাসদসহ বিভিন্ন সমমনা সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম বলেন, ত্বকীর হত্যাকারীরা চিহ্নিত হলেও আগের সরকারের আমলে তাঁদের বিচারের আওতায় আনা হয়নি। তিনি বর্তমান সরকারের কাছে দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার শুরু করার জোর দাবি জানান।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলার এক আসামি সুলতান শওকত ভ্রমর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমীরি ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। হত্যাকাণ্ডের এক বছর পর ২০১৪ সালে র্যাব এক সংবাদ সম্মেলনে জানায়, আজমীরি ওসমানের নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। মূলত ত্বকীর বাবা রফিউর রাব্বিকে ‘শায়েস্তা’ করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল।
তবে হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেলেও এখনো আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়নি।

Comments
Comments