রাজবাড়ী আওয়ামী লীগের কার্যালয়ে এবার ‘শেখ হাসিনা ফিরবে’ লেখা ব্যানার
![]() |
| রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর কোনো এক সময় টাঙানো হয় ব্যানারটি। তবে আজ সকালে পুলিশ গিয়ে সেটি পায়নি। গতকাল রাতে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আবারও ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ইফতারের পর কোনো এক সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি নজরুল ইসলামের ছবি দেওয়া এই ব্যানারটি টাঙানো হয়। তবে রাতেই সেটি আবার সরিয়ে ফেলা হয়েছে।
ব্যানারটিতে লেখা ছিল, ‘আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরবে, আমরা ফিরব।’ এর এক পাশে শেখ মুজিবুর রহমান ও অন্য পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। এ ছাড়া ছাত্রলীগের সাবেক নেতা নজরুল ইসলামের একটি বড় ছবিও সেখানে ছিল।
রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতি চত্বরের পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগের এই কার্যালয়টি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বন্ধ রয়েছে। এরপর থেকে সেখানে প্রকাশ্যে কোনো দলীয় কার্যক্রম দেখা যায়নি।
এই বিষয়ে আজ শুক্রবার সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, খবর পাওয়া মাত্র পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছিল। তবে পুলিশ গিয়ে কোনো ব্যানার দেখতে পায়নি। বিষয়টি নিয়ে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, এর আগেও এই কার্যালয়ে দুই দফায় ব্যানার টাঙানো হয়েছিল। গত ১৭ ফেব্রুয়ারি সকালে কয়েকজন তরুণ জাতীয় পতাকা উত্তোলন করে সেখানে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের ছবিসহ একটি ব্যানার টাঙান। এর পরদিন ১৮ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানার ছবি দেওয়া আরও একটি ব্যানার দেখা যায়। ওই সময় কার্যালয়ের ভেতর শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার কোনো ছবি ছিল না।

Comments
Comments