[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে চুরি, প্রতিমার স্বর্ণালংকারসহ ১৮ লাখ টাকার সম্পদ লুট

প্রকাশঃ
অ+ অ-
সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরে চুরির সময়ে সিসিটিভিতে ধরা পড়া দৃশ্য | ছবি: সংগৃহীত

সাতক্ষীরা শহরে অবস্থিত জেলার কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের অর্থ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাথমিক হিসাবের ভিত্তিতে মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন বলেন, চোরের দল কেন্দ্রীয় মন্দিরের কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকার ও দানবাক্সের অর্থ নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া সামগ্রীর মধ্যে আছে ৪ ভরি ওজনের দুই জোড়া সোনার বালা, ১ ভরি ওজনের দুই জোড়া শাঁখা, ৪ আনা ওজনের এক জোড়া কানের দুল, ৮ আনা ওজনের একটি ‘মায়ের জিব’, ৮ আনা ওজনের একটি চেইন, ১০ আনা ওজনের একটি নথ, ৪ আনা ওজনের দুই জোড়া পেটি; প্রায় ৫ ভরি রুপা, দানবাক্সের ৭ হাজার টাকা এবং আরও কিছু মূল্যবান সামগ্রী।

মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য শিক্ষক দীপাসিন্ধু তরফদার বলেন, ‘দুই দিন আগে শহরের কাটিয়া মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। বারবার মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। আমরা দ্রুত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার এবং মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।’

চুরির খবর শুনে মন্দির প্রাঙ্গণে আসেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা। আজ সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরে | ছবি: পদ্মা ট্রিবিউন

মন্দিরের কর্মকর্তা অসীম দাশ বলেন, মন্দিরের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চোরদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) রেজাউল করিম বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন