গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা
![]() |
| ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ঢাকা। ৭ মার্চ | ছবি: ভারতীয় হাইকমিশনের সৌজন্যে |
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও সর্বজনীন বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও করে যাবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রণয় ভার্মা বলেন, ‘আজ এখানে সবার একত্রিত হওয়া আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃঢ় বন্ধনের কথা মনে করিয়ে দেয়।’ তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমাদের দুই জাতির সমৃদ্ধ ইতিহাস এবং গভীর সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের যৌথ ত্যাগের স্মৃতি আমাদের এক করেছে। আজ আমরা একটি সম্ভাবনাময় ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি। এর মাধ্যমে কেবল আমাদের দুই দেশই নয়, বরং পুরো অঞ্চলের সম্মিলিত সমৃদ্ধি অর্জন সম্ভব।’
ইফতার অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি এবং রোজা পালনকারী বাংলাদেশিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার বলেন, এই আয়োজন দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও জোরদার করার বার্তা দেয়। এই পবিত্র মাস সবার জন্য সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক এবং মানুষের মধ্যে সহানুভূতি ও দয়ার মতো মানবিক গুণাবলি আরও জাগিয়ে তুলুক।
ভারতীয় হাইকমিশনের আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর কয়েকজন উপদেষ্টা, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশার আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে যোগ দেন।

Comments
Comments