[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাম্পের নিরাপত্তায় সেনা মোতায়েনের দাবি মালিকদের

প্রকাশঃ
অ+ অ-
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ | ছবি: পদ্মা ট্রিবিউন

জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র বা ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি সেনাসদস্য মোতায়েনের দাবি জানিয়েছেন বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের (একাংশ) নেতারা। সরকার দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে পাম্প বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না বলে জানিয়েছেন তাঁরা।

বুধবার দুপুরে রাজধানীর মালিবাগের একটি হোটেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সেনা মোতায়েনের পাশাপাশি সংগঠনের নেতারা আরও সাতটি দাবি তুলে ধরেন। এগুলো হলো— সব মোটরসাইকেলে সমান তেল দেওয়া, ছোট-বড় সব পাম্পকে তেল সরবরাহ করা, দৈনিক সরবরাহের পরিমাণ বাড়ানো, বিভিন্ন বিক্রয় প্রতিনিধি ও পরিবেশকদের তেল সরবরাহ নিশ্চিত করা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করা, অবৈধ মজুত থাকলে কঠোর শাস্তি দেওয়া এবং তেলের ডিপোতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নাজমুল হক বলেন, সরকার একদিকে বলছে দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত আছে, অন্যদিকে সংশ্লিষ্ট বিভাগগুলো তেল মেপে বা রেশনিং করে সরবরাহ করছে। সরকারের এমন সিদ্ধান্তহীনতা ও একেক সময়ের একেক বক্তব্য জনগণ বিশ্বাস করতে পারছে না। এতে সাধারণ মানুষের মধ্যে তেল ফুরিয়ে যাওয়ার আতঙ্ক দেখা দিয়েছে। তাঁরা দিনরাত পাম্পে ভিড় করছেন।

নাজমুল হক জানান, এমন পরিস্থিতি সামাল দিতে গিয়ে পাম্পমালিকেরা গ্রাহকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন। তাই মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা দিতে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তা না হলে ব্যবসা বন্ধ রাখা ছাড়া তাঁদের আর পথ থাকবে না।

সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে নাজমুল হক বলেন, অহেতুক আতঙ্কিত না হয়ে সরকারের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। পাম্পমালিকেরা সরকারের নিয়ম মেনে যেভাবে তেল দিচ্ছেন, সেভাবেই সংগ্রহ করুন।

সামনে ঈদযাত্রা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তেলের এই নিয়ন্ত্রিত সরবরাহ চলতে থাকলে ঈদে ভয়াবহ অবস্থা তৈরি হবে। তাই সরকারের উচিত দ্রুত বরাদ্দ স্বাভাবিক করে দেওয়া। অন্তত অকটেন ও পেট্রলের সরবরাহ আগের মতো করা প্রয়োজন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন