সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ ও মৃত্যু, ৩৮ দিন পর লাশ ফেরত
| লাশ | প্রতীকী ছবি |
অবৈধভাবে ভারতে গিয়ে কারাবাসে মৃত্যুর ৩৮ দিন পর খাইরুজ্জামাল (৪২) নামের এক বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে লালমনিরহাটের চ্যাংড়াবান্দা (বুড়িমারী) স্থলবন্দর দিয়ে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
খাইরুজ্জামালের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামে।
পরিবার ও সংশ্লিষ্টরা জানায়, প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে খাইরুজ্জামাল অবৈধভাবে ভারতে যান। সেখানে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাভোগ করতে থাকেন। কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য দুই দেশের মধ্যে প্রশাসনিক ও কূটনৈতিক যোগাযোগ করা হয়। মৃত্যুর ৩৮ দিন পর, বৃহস্পতিবার দুপুরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। পরে তা পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ ইবনে সিদ্দীক বলেন, ‘দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে খাইরুজ্জামালের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’
Comments
Comments