ঈদযাত্রার প্রথম তিন দিনে পদ্মা সেতু থেকে ১৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায়
![]() |
| পদ্মা সেতু | ফাইল ছবি |
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার পদ্মা সেতু দিয়ে ৩ দিনে (১৭ থেকে ১৯ মার্চ) ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা। গত বছরের একই সময়ে তুলনায় এবারের যানবাহন পারাপার ও টোল আদায় বেশি হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ঈদুল ফিতরে পদ্মা সেতু দিয়ে ৩ দিনে ১ লাখ ৮০২টি যানবাহন পারাপার হয়েছিল। সে সময়ে ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছিল।
সব ধরনের যানবাহন পদ্মা সেতু পারাপার করতে টোল দিতে হয়। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের জন্য ভিন্ন টোল হার নির্ধারিত আছে।
মুন্সিগঞ্জ ও শরীয়তপুর সংযোগকারী দেশের দীর্ঘতম পদ্মা সেতু দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে রাজধানীর সঙ্গে যুক্ত করেছে। ওই অঞ্চলের ২১টি জেলার মানুষ এই সেতুর সুবিধা পাচ্ছে।
পদ্মা সেতুর দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) টোল প্লাজায় ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা চালু আছে। এই পদ্ধতিতে যানবাহন দাঁড় না করিয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করতে পারে। ফলে টোল প্লাজায় যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হওয়ায় যাতায়াত আরও দ্রুত ও সহজ হয়েছে।
সেতু কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যমুনা সেতু দিয়ে ১৮ মার্চ ১ দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। ওই দিন টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা। গত বছর ঈদুল ফিতরে ১ দিনে সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টি যানবাহন পারাপার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।

Comments
Comments