[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিলেটে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতাসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ
অ+ অ-
মামলা | প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটপাটের অভিযোগে যুব জামায়াতের এক নেতাসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বাদী হয়ে চুরির এই মামলাটি করেন।

মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের বলরামেরচক গ্রামের মাহফুজুল ইসলাম চৌধুরী (২৫), বীরেন্দ্র দাস (৬৫), মিন্টু দাস (৩২), সাকিব আহমদ (১৮), ভজন দাস (২৯) ও আলতাফ আহমদ লস্কর (৬৫)। তাঁদের মধ্যে মাহফুজুল ইসলাম চৌধুরী উপজেলা যুব জামায়াতের সহসাংগঠনিক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজুল ইসলাম চৌধুরী ইট লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন। এমনকি গত বৃহস্পতিবারও তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘লড়াই চলবে। কোনো আপস নয়! সত্য সুন্দর এবার প্রমাণিত হবেই।’

এর আগে গত বৃহস্পতিবার সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত জকিগঞ্জের কসকনকপুরের মুন্সিবাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়ুর বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের ইট চুরির ঘটনায় ওই এলাকায় বিশেষ অভিযান (টাস্কফোর্স) চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। এ সময় চুরি হওয়া ইট উদ্ধারসহ ছয়জনকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ২০২১ সালের দিকে কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়ুর বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক ইট দিয়ে সংস্কার করা হয়েছিল। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে সুরমা নদীর বাঁধ মেরামতের জন্য ওই রাস্তায় মাটি ভরাট করা হচ্ছে। এই কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, মাটি ভরাটের আগে রাস্তার ইটগুলো তুলে যেন মাদ্রাসার মাঠে রাখা হয়। সেই নির্দেশনা অনুযায়ী কিছু ইট রাস্তা থেকে তুলে মাঠে রাখা হয়েছিল। কিন্তু এর মধ্যেই রাস্তার অধিকাংশ ইট লুট হয়ে যায়। এই অভিযোগের ভিত্তিতেই টাস্কফোর্স অভিযান চালায়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, রাস্তা থেকে ইট লুটের ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের এক প্রকৌশলী বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন