দুর্নীতির অভিযোগ থাকা প্রকৌশলীকে নিয়োগ না দেওয়ার দাবি
![]() |
| নারায়ণগঞ্জ সিটি করপোরেশন |
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক প্রকৌশলীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে নিয়োগ না দেওয়ার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন। শনিবার রাতে সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
অভিযুক্ত প্রকৌশলীর নাম মো. খাইরুল বাকের। এর আগে ৪ মার্চ রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-২-এর যুগ্ম সচিব মাহবুবা আইরিন এক নির্দেশ জারি করেন। সেই আদেশে রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকেরকে প্রেষণে (অস্থায়ী বদলি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে একই পদে বদলি করা হয়।
বিবৃতিতে ওই প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে তাঁকে নিয়োগ না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে, খাইরুল বাকের নামে একজন প্রকৌশলীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একই পদে থাকাকালে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন। পরে তাঁকে রাজশাহীতে বদলি করা হয়। তবে রাজশাহী সিটি করপোরেশন তাঁকে গ্রহণ না করায় এখন নারায়ণগঞ্জে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন সূত্রে জানা যায়, খাইরুল বাকেরের বিরুদ্ধে অতীতে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে। সেসব সংবাদে দেখা যায়, তিনি দুর্নীতির মাধ্যমে ৬০০ কোটি থেকে ১ হাজার ৫০০ কোটি টাকার মালিক হয়েছেন। এমন একজন কর্মকর্তাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নিয়োগ দিলে নগরবাসীর ভোগান্তি বাড়তে পারে বলে সংগঠনটি আশঙ্কা প্রকাশ করেছে। এই অবস্থায় সংগঠনটির পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে নারায়ণগঞ্জের প্রশাসকের কাছে দাবি জানানো হয়েছে, যেন দুর্নীতির অভিযোগ থাকা ওই কর্মকর্তাকে গ্রহণ না করা হয়।
এই বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।
অভিযুক্ত প্রকৌশলী মো. খাইরুল বাকেরের বক্তব্যও পাওয়া যায়নি। বারবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

Comments
Comments