[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

টেকনাফে অভিযানে র‍্যাবের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন ও ৯ সদস্য আহত

প্রকাশঃ
অ+ অ-
হামলার সময় পুড়িয়ে দেওয়া মোটরসাইকেল | ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের সময় র‍্যাবের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে র‍্যাবের অন্তত ৯ সদস্য আহত হয়েছেন এবং হামলাকারীরা দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। বুধবার রাত আটটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া ফুটবল মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফরিদুল আলম ওরফে মেহেদী হাসান নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফরিদুল নাজিরপাড়া এলাকার সিদ্দিক আহমেদের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের সময় র‍্যাব সদস্যদের ওপর হামলা ও মোটরসাইকেলে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। র‍্যাব লিখিত অভিযোগ দিলে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

র‍্যাব-১৫ টেকনাফ সিপিসি-১–এর স্কোয়াড কমান্ডার সোহেল রানা বলেন, নাজিরপাড়া এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় একদল ব্যক্তি র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৯ সদস্য আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আটক ফরিদুলের বিরুদ্ধে মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে নাজিরপাড়া ফুটবল মাঠে স্বেচ্ছাসেবক দল আয়োজিত একটি ইফতার মাহফিল চলছিল। সেখানে উপস্থিত সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলমকে র‍্যাব আটক করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কিছু লোক র‍্যাব সদস্যদের ওপর হামলা করে এবং মোটরসাইকেলে আগুন দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি শান্ত করে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশীষ সরকার বলেন, আহত অবস্থায় র‍্যাবের সাত সদস্যকে হাসপাতালে আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে আটক ফরিদুল আলমের বাবা সিদ্দিক আহমদ দাবি করেন, ইফতার মাহফিল চলাকালে সাদাপোশাকে র‍্যাব সদস্যরা সভাস্থল ঘিরে ফেলায় উত্তেজনা তৈরি হয়। তাঁর দাবি, তাঁরা কোনো যানবাহনে আগুন দেননি এবং তাঁর ছেলের বিরুদ্ধে কোনো মামলার পরোয়ানাও নেই।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন