গণভোট নিয়ে বিতর্কের সমাধান সংবিধানে নেই: বদিউল আলম মজুমদার
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, গণভোট নিয়ে এখন যে বিতর্ক হচ্ছে, তার সমাধান সংবিধানে খোঁজা হচ্ছে। কিন্তু সংবিধানে এর সমাধান নেই। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংবিধানের ভিত্তিতে নয়, বরং গণ-অভ্যুত্থানের মাধ্যমে এসেছে। সরকার যে ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ জারি করেছে এবং গণভোটে মানুষ যে রায় দিয়েছে, সেখানেই এর সমাধান রয়েছে।
রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক নাগরিক সংলাপে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে ‘ভয়েস ফর রিফর্ম’ নামের একটি সংগঠন।
বদিউল আলম মজুমদার বলেন, ‘আইন অঙ্গনে একটি নীতি আছে, যাকে বলা হয় “রাজনৈতিক বিষয়ের নীতি” (ডকট্রিন অব পলিটিক্যাল কোয়েশ্চেন)। অর্থাৎ কিছু রাজনৈতিক বিষয়, রাজনৈতিক সমঝোতা ও ঐকমত্যের বিষয় থাকে, যা আদালতের এখতিয়ারের বাইরে হওয়া উচিত।’ তিনি আরও বলেন, রাজনীতিবিদরা অনেক সময় নিয়ে আলোচনার ভিত্তিতে একটি ঐকমত্যে পৌঁছেছেন। এখানে সেই ‘রাজনৈতিক বিষয়ের নীতি’ কার্যকর হতে পারে।
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করে কার লাভ হচ্ছে, সেই প্রশ্ন তোলেন সুজন সম্পাদক। তিনি বলেন, সরকার গঠনের শুরু থেকেই বিভেদ ও অনৈক্য তৈরি করে তারা কীভাবে লাভবান হবে, তা বোঝা যাচ্ছে না। বরং এর মাধ্যমে জটিলতা তৈরি হবে বলে তিনি মনে করেন।
এই জটিলতার কারণে পালিয়ে যাওয়া শক্তির ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, এই সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে।
বদিউল আলম মজুমদার আরও বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর পরিষ্কার লিখিত অঙ্গীকার রয়েছে। এখন যেহেতু এই সনদের বাস্তবায়ন আদেশের বিষয়ে এক পক্ষ আদালতে গিয়েছে, তাই যারা এতে সংক্ষুব্ধ হয়েছেন, তাঁদেরও সনদ বাস্তবায়নের পক্ষে আদালতে যাওয়া উচিত।
ভয়েস ফর রিফর্মের উদ্যোক্তা ও সংগঠক ফাহিম মাশরুরের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, আলোকচিত্রী শহিদুল আলম, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ ও এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রমুখ।

Comments
Comments