[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সহিংসতাও বাড়ছে: আসক

প্রকাশঃ
অ+ অ-
আইন ও সালিশ কেন্দ্রের লোগো

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, দেশের রাজনীতির মাঠ ও নির্বাচনী পরিবেশ ততই সহিংস হয়ে উঠছে বলে জানিয়েছে মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনা, নিহত ও আহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মঙ্গলবার আসক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ডিসেম্বর মাসে দেশে মোট ১৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় ৪ জন নিহত এবং ২৬৮ জন আহত হন। তবে জানুয়ারি মাসে পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটে। এই এক মাসে মোট ৭৫টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়, যেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১ এবং আহত হন ৬১৬ জন।

জানুয়ারি মাসের তথ্য বিশ্লেষণ করে আসক জানায়, পুরো মাসজুড়েই সহিংসতার মাত্রা ছিল ঊর্ধ্বমুখী। ১ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১০ দিনে ৮টি সহিংস ঘটনায় ৫ জন নিহত এবং ২৬ জন আহত হন। ১১ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ১০ দিনে ১৮টি ঘটনায় ২ জন নিহত এবং ১৭৬ জন আহত হন। আর ২১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১১ দিনে, নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর এই সময়ে সহিংসতা সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। মাত্র ১১ দিনে ৪৯টি সহিংসতার ঘটনা ঘটে, এতে ৪ জন নিহত এবং ৪১৪ জন আহত হন।

আসক জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতার এই সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরাও হামলা ও বাধার মুখে পড়ছেন। প্রতিবেদনে দেখা যায়, ডিসেম্বর মাসে ১১ জন সাংবাদিক লাঞ্ছিত বা বাধাগ্রস্ত হলেও জানুয়ারি মাসে এই সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

দেশের এই ক্রমবর্ধমান সহিংস পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে আসক। সংস্থাটি সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সহনশীলতা ও সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। আসক সব পক্ষকে আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন