নিখোঁজের তিন দিন পর মিলল কলেজছাত্রীর লাশ
| মরদেহ উদ্ধার | প্রতীকী ছবি |
পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর বাড়ির পাশের পুকুর থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার সাকোয়া ইউনিয়নের আরাজী সাকোয়া এলাকায় পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত ধরিত্রী রানী ওই এলাকার ক্ষিতিশ চন্দ্র বর্মনের একমাত্র মেয়ে। তিনি স্থানীয় সাকোয়া ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। সাঁতার না জানা ওই কলেজছাত্রী পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ও পরিবারের সদস্যরা ধারণা করছেন।
নিহত কলেজছাত্রীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বরাতে সাকোয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য দীপেন চন্দ্র বর্মন জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই ধরিত্রী রানীকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে পরদিন বুধবার পরিবারের পক্ষ থেকে বোদা থানায় একটি নিখোঁজ সংবাদ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার সকালে বাড়ির পাশে এক প্রতিবেশীর পুকুরের পানিতে একজনের মাথার চুল ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা আশপাশের লোকজনকে জানান। এরপর ভালোভাবে দেখতে গিয়ে পানিতে ধরিত্রী রানীর লাশ ভাসতে দেখেন তাঁরা।
মুহূর্তের মধ্যেই এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে লাশ দেখতে পুকুরপাড়ে ভিড় করেন বিভিন্ন এলাকার মানুষ। খবর পেয়ে বোদা থানা-পুলিশের সদস্যরা পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মরণোত্তর পরীক্ষাগারে (মর্গ) পাঠান।
এসব তথ্য নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মালিক মুঠোফোনে বলেন, পুকুর থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধারের পর লাশের প্রাথমিক প্রতিবেদনে শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং লাশ দেখে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Comments
Comments