নওগাঁয় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
![]() |
| জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার ভোরে নওগাঁ শহরের সরিষাহাটির মোড় এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে | ছবি: ভিডিও থেকে নেওয়া |
নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে নওগাঁ শহরের সরিষাহাটির মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান দুপুরে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে কার্যালয়ে পতাকা উত্তোলনের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, তাঁর নেতৃত্বে ৬-৭ জন কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করছেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন।
দলীয় কার্যালয় সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা জানান, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে দোকান খোলার সময় তাঁরা স্ট্যান্ডে পতাকা টাঙানো দেখতে পান। পরে দুপুরের দিকে পুলিশ এসে পতাকাগুলো খুলে নিয়ে যায়।
এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু কর্মী। নিষিদ্ধ থাকা একটি দলের হঠাৎ এমন কার্যক্রমের আমরা তীব্র নিন্দা জানাই। জনগণকে সঙ্গে নিয়ে এদের মোকাবিলা করবে বিএনপি।’
সদর থানার ওসি নিয়ামুল হক বলেন, ‘সম্ভবত ভোরের দিকে পতাকা উত্তোলন করা হয়েছে। ফেসবুকে ভিডিও দেখার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং তাঁদের খোঁজা হচ্ছে।’

Comments
Comments