[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রথম আলো-ডেইলি স্টারের সামনে বাড়তি পুলিশ মোতায়েন

প্রকাশঃ
অ+ অ-
শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাড়তি সতর্কতার অংশ হিসেবে কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের অবস্থান আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদপত্র দুটির কার্যালয়ের সামনে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী জানান, শাহবাগ ও বাংলামোটর এলাকায় চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ওদিকে ঝামেলা হচ্ছে, সেই ঝামেলার আঁচ যেন এদিকে না আসে, সেজন্যই আমরা অবস্থান নিয়েছি। এখানে জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

এদিকে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথম আলোর কর্মীদের পুলিশের পক্ষ থেকে আপাতত ‘হোম অফিস’ বা বাসা থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পুরোনো হামলার ক্ষত এর আগে গত ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে নজিরবিহীন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় দুই সংবাদমাধ্যমের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়, যাতে অজ্ঞাতনামা প্রায় ৯০০ জনকে আসামি করা হয়েছিল। পুলিশ পরবর্তী সময়ে অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করে।

সংঘর্ষের নেপথ্যে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেন। আজ জুমার পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাঁদের পূর্বনির্ধারিত জমায়েত ছিল। বিকেল ৪টার দিকে বিক্ষোভকারীরা যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এতে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের পর বিকেল ৫টা থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন।

শরীফ হাদি হত্যাকাণ্ড জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আলোচনায় আসা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে লড়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগ চলাকালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর সেখানেই তাঁর মৃত্যু হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন