[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভোলায় যুবলীগ নেতা হত্যায় মামলা

প্রকাশঃ
অ+ অ-
মামলা | প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশন উপজেলার যুবলীগ নেতা আবদুর রহিম হত্যার ঘটনায় মামলা হয়েছে। রহিমের স্ত্রী বিবি ফাতেমা গতকাল সোমবার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় একটি হত্যা মামলা করেন।

এর আগে গত শনিবার রাত ১০টার দিকে চরফ্যাশনের রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথায় আবদুর রহিমকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা এবারের জাতীয় নির্বাচনে ভোলা-৪ আসনে (মনপুরা ও চরফ্যাশন উপজেলা) জয়ী বিএনপির প্রার্থী নুরুল ইসলামের (নয়ন) সমর্থক বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কামাল গোলদার স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে (বর্তমানে কমিটি নেই) উল্লেখ করা হয়েছে, 'সোমবার 'যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যা, আগের দিন পেটানো হয় ছেলেকে' শিরোনামে যে খবরটি প্রকাশিত হয়েছে, তা আমাদের নজরে এসেছে। এ ঘটনার সঙ্গে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম কিংবা উপজেলা বিএনপি কোনোভাবে জড়িত নয়। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা বিএনপির কর্মী বা নুরুল ইসলামের সমর্থকও নয়। তারা মূলত মাদক কারবারি। মাদক বিক্রির ভাগ-বাঁটোয়ারার বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়েছে। এ ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। তাই এ ধরনের অভিযোগ যারা দিয়েছে, তার কোনো সত্যতা নেই। আমরা এ ধরনের অভিযোগের প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই, আসামি দ্রুত গ্রেপ্তার হোক এবং অপরাধীদের শাস্তি হোক।'

চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির স্ত্রী বিবি ফাতেমা সাতজনকে আসামি করে সোমবার একটি হত্যা মামলা করেছেন। কিন্তু কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আসামিদের ধরতে তাঁদের চেষ্টা অব্যাহত আছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন