সিলেটে মধ্যরাতে পাঁচ গ্রামের সংঘর্ষে ১৫ আহত
![]() |
| সিলেট নগরের তেমুখী এলাকায় পাঁচ গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ান। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার রাতে | ছবি: পদ্মা ট্রিবিউন |
সিলেটে দুই কিশোরের কথা-কাটাকাটির জেরে মধ্যরাতে সংঘর্ষে জড়িয়েছেন পাঁচ গ্রামের মানুষ। এক পক্ষে দুই গ্রাম এবং অন্য পক্ষে তিন গ্রামের মানুষ অংশ নেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরের তেমুখী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে দুই পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল ছোড়ে। এ সময় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নগরের জালালাবাদ থানার পুলিশ জানিয়েছে, জালালাবাদ থানার অধীন তেমুখী এলাকার পাশের কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের দুই কিশোরের ঝগড়া থেকে ঘটনার শুরু। পরে কুমারগাঁওয়ের লোকজনের সঙ্গে নাজিরেরগাঁও এবং সাহেবেরগাঁওয়ের লোকজনের সঙ্গে ছড়ারগাঁও ও কালিরগাঁওয়ের বাসিন্দারা যুক্ত হন। সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। ওই সময় সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়। পুলিশ আহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি সংঘর্ষের প্রকৃত কারণ জানার চেষ্টা করছে।
দিবাগত রাত সোয়া একটার দিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘শুরুতে কেউ কেউ ঘটনাটি রাজনৈতিক বলে জানিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি। মূলত দুই গ্রামবাসীর মধ্য থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। ঝগড়ার আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

Comments
Comments