[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাঁচ টাকার বিরোধ, বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ছোট ভাইয়ের

প্রকাশঃ
অ+ অ-
নিহত আলমগীর হোসেনের স্বজনদের আহাজারি। গতকাল রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ হাসপাতালে | ছবি: পদ্মা ট্রিবিউন    

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের মারধরের পর এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত ছিলেন আলমগীর। সম্প্রতি ছুটিতে তিনি দেশে এসেছিলেন।

আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তাঁর শ্বশুরবাড়ির একটি বৈদ্যুতিক মিটার যৌথভাবে ব্যবহার করে আসছিলেন দুই ভাই আলমগীর ও খোরশেদ আলম। বিদ্যুৎ বিলের টাকা দুজন ভাগাভাগি করে পরিশোধ করতেন। চলতি মাসের বিদ্যুৎ বিল পরিশোধের সময় আলমগীর ৫ টাকা কম দিয়েছেন বলে বড় ভাই খোরশেদ অভিযোগ করেন। শনিবার সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে বিষয়টি নিয়ে দুই ভাইয়ের ঝগড়া হয়। একপর্যায়ে আলমগীরকে মারধর করেন খোরশেদ ও তাঁর কয়েকজন সঙ্গী। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুৎ বিল নিয়ে খোরশেদ ও আলমগীরের মধ্যে প্রথমে বাড়িতে কথা-কাটাকাটি হয়। পরে দুই ভাই দোকানে গেলে সেখানে তাঁদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর খোরশেদ ঘটনাস্থল ত্যাগ করলেও আলমগীর দোকানে বসা ছিলেন। পাঁচ মিনিট পর তিনি বসা অবস্থা থেকে ঢলে নিচে পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ‘পরিবার থেকে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন